ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩

মাদারীপুরে

সাথী হত্যার ঘটনায় দোষীদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে মানববন্ধন

নিজস্ব সংবাদদাতা, মাদারীপুর

প্রকাশিত: ১৪:৩৯, ১৫ মার্চ ২০২৬

সাথী হত্যার ঘটনায় দোষীদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে মানববন্ধন

ছবি: দৈনিক জনকণ্ঠ।

মাদারীপুরে সাথী আক্তার হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৫ মার্চ) সকালে সদর উপজেলার পাঁচখোলা ইউনিয়নের উত্তর মহিষেরচর এলাকার স্বজন ও এলাকাবাসীর উদ্যোগে মাদারীপুর প্রেসক্লাবের সামনে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, সন্তানের জন্য মা-বাবার ঘরই সবচেয়ে নিরাপদ আশ্রয়স্থল হিসেবে বিবেচিত হলেও নিহত সাথী আক্তার তার শ্বশুর গোলাম বেপারীর কথিত যৌন নির্যাতনের শিকার হয়ে মর্মান্তিকভাবে মৃত্যুবরণ করেছেন। এ ঘটনায় মামলা দায়ের করা হলেও এক সপ্তাহ পার হয়ে গেলো, কিন্তু এখনো অভিযুক্ত শ্বশুর গোলাম বেপারী, শাশুড়ি পেয়ারি বেগম, ননদ শিলা আক্তার, রকিব মুন্সি ও আরজু বেগমকে গ্রেপ্তার করা হয়নি বলে অভিযোগ করেন তারা। বক্তারা দ্রুত সময়ের মধ্যে আসামিদের সনাক্ত করে গ্রেপ্তার এবং তাদের ফাঁসির দাবিও জানান।

মানববন্ধনে বক্তব্য রাখেন নিহত সাথী আক্তারের মা রুনা বেগম, মাদারীপুর জেলা যুবদলের সাবেক সিনিয়র সহ–সভাপতি কামাল সরদার, জাতীয় নাগরিক পার্টির জেলা যুগ্ম সমন্বয়কারী হাসিবুল্লাহ, পাঁচখোলা ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ডের সদস্য রুবেল হাওলাদার, যুবদলের সাবেক সহ–সাধারণ সম্পাদক নাইম কাজীসহ উত্তর মহিষেরচর এলাকার সর্বস্তরের মানুষ।

মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম বলেন, "ঘটনাটি আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে মামলা হিসেবে নথিভুক্ত হয়েছে এবং খুব শীঘ্রই অভিযুক্তদের গ্রেপ্তার করা হবে।"

এম.কে

×