হবিগঞ্জের চুনারুঘাটে খোয়াই নদী পার হতে গিয়ে নিখোঁজ হওয়ার প্রায় ৪২ ঘণ্টা পর ব্যবসায়ী আব্দুল জলিলের (৪৫) মরদেহ উদ্ধার করা হয়েছে।
শনিবার (১৪ মার্চ) বিকেলে নদীর কোটবাড়ি এলাকায় তার মরদেহ ভেসে উঠলে পুলিশ গিয়ে সেটি উদ্ধার করে। নিহত আব্দুল জলিল উপজেলার ক্ষেতামারা গ্রামের বাসিন্দা ছিলেন।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (১২ মার্চ) সন্ধ্যায় স্থানীয় আমুরোড বাজার থেকে গরু নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দেন আব্দুল জলিল। পথে কোটবাড়ি এলাকায় খোয়াই নদী পার হওয়ার সময় তিনি গরুসহ নদীর তীব্র স্রোতে তলিয়ে যান। খবর পেয়ে ওই দিন রাত থেকেই স্বজনরা খোঁজাখুঁজি শুরু করেন।
নিখোঁজের পরদিন শুক্রবার দুপুর ১২টা থেকে সন্ধ্যা পর্যন্ত চুনারুঘাট থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল খোয়াই নদীতে দীর্ঘ সময় উদ্ধার অভিযান চালায়। তবে নদীর গভীরতা ও স্রোতের কারণে তার কোনো সন্ধান পাওয়া যায়নি।
অবশেষে শনিবার বিকেলে দুর্ঘটনাস্থলের অদূরেই তার মরদেহ ভেসে উঠতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়।
চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, স্থানীয়দের দেওয়া খবরের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নদী থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে এবং আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
রাজু








