ঢাকা, বাংলাদেশ   শনিবার ১৪ মার্চ ২০২৬, ৩০ ফাল্গুন ১৪৩২

চায়ের দোকান পুড়ে ছাই, হতবাক পুরো এলাকা

সোহরাব হোসেন, হরিণাকুণ্ড, ঝিনাইদহ

প্রকাশিত: ২০:১২, ১৪ মার্চ ২০২৬

চায়ের দোকান পুড়ে ছাই, হতবাক পুরো এলাকা

ছবি: জনকণ্ঠ

ঝিনাইদহের হরিণাকুণ্ড উপজেলার কালাপাড়িয়া ব্রিজের পাশে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি চায়ের দোকান সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে। গত ১৩ মার্চ (শুক্রবার) দিবাগত রাতে সংঘটিত এই অগ্নিকাণ্ডে প্রায় ৮০ হাজার টাকার মালামাল পুড়ে ছাই হয়ে গেছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত দোকান মালিক। জীবিকার একমাত্র অবলম্বন হারিয়ে এখন দিশেহারা ভুক্তভোগী পরিবারটি।

স্থানীয় ও ভুক্তভোগী সূত্রে জানা গেছে, কালাপাড়িয়া ব্রিজের পাশে দীর্ঘদিন ধরে চায়ের দোকান পরিচালনা করে আসছিলেন মো. রুবেল হোসেন (৩৫), পিতা— মৃত মুসলেম মণ্ডল। প্রতিদিনের মতো শুক্রবার রাত আনুমানিক ১০টা ২০ মিনিটে তিনি দোকান বন্ধ করে বাড়িতে যান। রাত প্রায় ১টা ৩০ মিনিটের দিকে স্থানীয়রা তার দোকানে আগুনের লেলিহান শিখা দেখতে পান। মুহূর্তের মধ্যেই আগুন পুরো দোকানে ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে স্থানীয়রা ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করলেও ততক্ষণে দোকানের ভেতরে থাকা ফ্রিজ, টেলিভিশন, গ্যাস সিলিন্ডার, বৈদ্যুতিক পাখা ও মালামালসহ যাবতীয় সরঞ্জাম পুড়ে ছাই হয়ে যায়। রুবেল হোসেন জানান, “এই দোকানটিই ছিল আমার পরিবারের আয়ের একমাত্র পথ। আগুনে আমার প্রায় ৮০ হাজার টাকার ক্ষতি হয়েছে। আমি এখন পুরোপুরি নিঃস্ব।”

রহস্য ও আইনি ব্যবস্থা: অগ্নিকাণ্ডের সূত্রপাত নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এটি কোনো বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে নাকি পরিকল্পিত কোনো নাশকতামূলক কর্মকাণ্ড—তা নিয়ে জনমনে প্রশ্ন দেখা দিয়েছে। এ ঘটনায় ভুক্তভোগী রুবেল হোসেন বাদী হয়ে হরিণাকুণ্ড থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

শহীদ

×