ফেনী চট্টগ্রামের জোরারগঞ্জ সীমান্তবর্তী এলাকায় সেহরির সময় এক ঝটিকা অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ করেছে ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি)। শনিবার (১৪ মার্চ) ভোররাতে সীমান্ত এলাকায় সন্দেহজনক চলাচলের সূত্র ধরে এই অভিযান চালানো হয়।
বিজিবি সূত্রে জানা যায়,শনিবার ভোররাতে যখন সীমান্তবর্তী এলাকার সাধারণ মানুষ সেহরি নিয়ে ব্যস্ত ছিলেন, ঠিক তখনই সীমান্ত এলাকায় কিছু চোরাকারবারির সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করে বিজিবি’র টহল দল। বিজিবি সদস্যরা ধাওয়া করলে চোরাকারবারিরা মালামাল ফেলে পালিয়ে যায়। তল্লাশি চালিয়ে ঘটনাস্থল থেকে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি, জীবনরক্ষাকারী ঔষধ (মেডিসিন), মাদকদ্রব্য, কীটনাশক ও কফি জব্দ করা হয়।
ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) জানিয়েছে, জব্দকৃত মালামালসমূহ কাস্টমসে জমা দেওয়ার প্রক্রিয়া বর্তমানে প্রক্রিয়াধীন রয়েছে। সীমান্তে নিরাপত্তা নিশ্চিত করা, মাদক পাচার রোধ এবং অবৈধ অনুপ্রবেশ বন্ধে বিজিবি’র গোয়েন্দা তৎপরতা ও আভিযানিক কার্যক্রম সর্বদা সক্রিয় রয়েছে।
এ বিষয়ে ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি)-এর অধিনায়ক জানান, চোরাচালানের বিরুদ্ধে বিজিবি সবসময় জিরো টলারেন্স নীতি অনুসরণ করে। সীমান্তের নিরাপত্তা রক্ষায় এবং চোরাকারবারিদের দমনে বিজিবি’র এই কঠোর অবস্থান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
রাজু








