রাজবাড়ীর গোয়ালন্দে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নুর মোহাম্মদ (৫২) নামে এক ব্যক্তিকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
শনিবার বিকেল প্রায় ৩টার দিকে উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের বাংলাদেশ হ্যাচারি এলাকার ঢাকা-খুলনা মহাসড়কে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
আটক নুর মোহাম্মদ কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার বাংলাবাজার গ্রামের আনোয়ার ব্যাপারীর ছেলে বলে জানিয়েছে পুলিশ।
জেলা গোয়েন্দা পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি দল দৌলতদিয়া এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় কুষ্টিয়া থেকে দৌলতদিয়াগামী একটি লোকাল পরিবহনে তল্লাশি চালানো হয়। তল্লাশির এক পর্যায়ে নুর মোহাম্মদকে সন্দেহজনক আচরণের কারণে আটক করা হয়।
পরে তার কাছে থাকা একটি কালো ব্যাগ তল্লাশি করে একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন এবং চার রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মফিজুল ইসলাম জানান, আটক ব্যক্তি অস্ত্র ব্যবসার সঙ্গে জড়িত বলে প্রাথমিকভাবে জানা গেছে। জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেছেন, উদ্ধার হওয়া অস্ত্র ঢাকায় নিয়ে যাওয়ার উদ্দেশ্য ছিল। এ ঘটনায় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
রাজু








