পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দরিদ্র, অসহায় ও দুঃস্থ মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করেছে অনলাইন সংবাদমাধ্যম শীর্ষ সংবাদ ডটকম। এ উদ্যোগের মাধ্যমে প্রায় দেড় হাজার মানুষের কাছে ঈদের খাদ্যসামগ্রী ও পোশাক পৌঁছে দেওয়া হয়েছে।
শনিবার (১৪ মার্চ) দুপুরে ঢাকা শহরের মালিবাগ, মৌচাক ও মারুফ মার্কেট এলাকায় অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়। একই দিনে সংবাদমাধ্যমটির সম্পাদক ও প্রকাশক নজরুল ইসলাম জয় লক্ষ্মীপুর শহরের বিভিন্ন এলাকায় প্রায় এক হাজার দরিদ্র পরিবারের মাঝে চাল, ডাল, আলু, চিনি, সেমাই ও দুধসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করেন।
এছাড়া প্রায় ৫০০ নারী-পুরুষের হাতে ঈদ উপলক্ষে শাড়ি ও লুঙ্গি তুলে দেওয়া হয়। আয়োজকদের মতে, ঈদের আনন্দ সবার সঙ্গে ভাগাভাগি করে নেওয়ার উদ্দেশ্যেই এই মানবিক উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
এ সময় নজরুল ইসলাম জয় বলেন, “ঈদ মানেই আনন্দের উৎসব। কিন্তু সমাজের অনেক মানুষ আছেন, যারা অর্থাভাবে সেই আনন্দ থেকে বঞ্চিত হন। তাদের মুখে হাসি ফোটানোর জন্যই শীর্ষ সংবাদ ডটকমের পক্ষ থেকে এই উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতেও অসহায় মানুষের পাশে থেকে এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখা হবে।”
ঈদের আগে এমন উদ্যোগ গ্রহণ করায় উপকারভোগীরা আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং সমাজের সামর্থ্যবান মানুষদেরও এ ধরনের মানবিক কর্মকাণ্ডে এগিয়ে আসার আহ্বান জানান।
রাজু








