ঢাকা, বাংলাদেশ   শনিবার ১৪ মার্চ ২০২৬, ৩০ ফাল্গুন ১৪৩২

ময়মনসিংহে

ডেঙ্গু প্রতিরোধে প্রথম সম্মানী ভাতা বরাদ্দের ঘোষণা এমপি ওয়াহাবের

শেখ আব্দুল আওয়াল, ময়মনসিংহ

প্রকাশিত: ১৭:০৭, ১৪ মার্চ ২০২৬

ডেঙ্গু প্রতিরোধে প্রথম সম্মানী ভাতা বরাদ্দের ঘোষণা এমপি ওয়াহাবের

ছবি: দৈনিক জনকণ্ঠ।

ডেঙ্গু ও চিকনগুনিয়া প্রতিরোধে সমন্বিত পরিষ্কার পরিচ্ছন্নতা ও মশক নিধন কার্যক্রম বাস্তবায়নে একজন সংসদ সদস্য হিসাবে সরকারিভাবে প্রাপ্ত প্রথম সম্মানী ভাতা দিয়ে দেওয়ার ঘোষণা দিয়েছেন ময়মনসিংহ-৪ (সদর) আসনের সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ।

শনিবার (১৪ মার্চ) দুপুরে ময়মনসিংহ নগরীর টাউন হল প্রাঙ্গণে ডেঙ্গু ও চিকনগুনিয়া প্রতিরোধে সমন্বিত এই পরিষ্কার পরিচ্ছন্নতা ও মশক নিধন কার্যক্রমের উদ্বোধন ঘোষণা শেষে তিনি এসব কথা বলেন।  

তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান ডেঙ্গু ও চিকনগুনিয়া প্রতিরোধে আগাম প্রস্তুতি গ্রহণের নির্দেশনা দিয়েছেন। আমরা বিশ্বাস করি যেকোন কাজ আগাম প্রস্তুতি নিয়ে বাস্তবায়ন করলে সফলতা পাওয়া যায়। এ কারণে ডেঙ্গু ও চিকনগুনিয়া প্রতিরোধে বর্তমান সরকার প্রশাসন এবং জনগণকে সাথে নিয়ে ইতিমধ্যে কাজ শুরু করেছে। এই কাজটি সুষ্ঠ ও সুন্দরভাবে সম্পাদনের জন্য একজন সংসদ সদস্য হিসাবে সরকারিভাবে প্রাপ্ত আমার প্রথম সম্মানী ভাতাটি বরাদ্দ করছি। যথা সময়ে তা জেলা প্রশাসকের কাছে পৌঁছে যাবে।  

সংসদ সদস্য আরও বলেন- বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের কার্যক্রম মানুষ পর্যবেক্ষণ করছে, যা ইতিমধ্যে সর্বমহলে প্রশংসিত হয়েছে। আমরা তাঁর এই ভালো কাজগুলো এগিয়ে নিতে বদ্ধপরিকর। এ কারণে ডেঙ্গু প্রতিরোধ বা মশক নিধন কার্যক্রম যেন লোক দেখানো না হয়, বাস্তবে তা সফল করতে আমরা সমন্বিতভাবে কাজ করতে চাই। এক্ষেত্রে মশক নিধনে যদি আরও ভালো মানের কোন ঔষধ পাওয়া যায়, তা সংগ্রহ করতে উদ্যোগ নেওয়ার জন্য জেলা প্রশাসকের প্রতি আহ্বান জানান এমপি ওয়াহাব আকন্দ।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা প্রশাসক (ডিসি) মো. সাইফুর রহমান, নবাগত এসপি মো. কামরুল হাসান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট উম্মে হাবীবা মীরা, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জানাতুল ফেরদৌস হ্যাপী প্রমুখ।

এ সময় জেলা প্রশাসক (ডিসি) মো. সাইফুর রহমান সাংবাদিকদের বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে ডেঙ্গু ও চিকনগুনিয়া প্রতিরোধে ইতিমধ্যে আগাম প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। চলতি মৌসুমজুড়ে সপ্তাহের প্রতি শনিবার এই কার্যক্রম নগরীর বিভিন্ন এলাকায় পর্যায়ক্রমে নিয়মিত চলবে। এক্ষেত্রে নগরবাসীর জনসচেতনতা সৃষ্টিতে গণমাধ্যমের সহযোগিতা আমাদের একান্ত কাম্য।

এম.কে

×