ঢাকা, বাংলাদেশ   শনিবার ১৪ মার্চ ২০২৬, ৩০ ফাল্গুন ১৪৩২

কাউনিয়ায় ডেঙ্গু প্রতিরোধে প্রশাসনের র‍্যালি ও পরিচ্ছন্নতা অভিযান

মন্জুরুল আহসান শামীম, কাউনিয়া, রংপুর

প্রকাশিত: ১৬:৫৫, ১৪ মার্চ ২০২৬

কাউনিয়ায় ডেঙ্গু প্রতিরোধে প্রশাসনের র‍্যালি ও পরিচ্ছন্নতা অভিযান

ছবি: দৈনিক জনকণ্ঠ।

রংপুরের কাউনিয়ায় ডেঙ্গুসহ মশাবাহিত বিভিন্ন প্রাণঘাতী রোগ প্রতিরোধ এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে উপজেলা প্রশাসনের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার (১৪ মার্চ) সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি সচেতনতামূলক র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে এসে শেষ হয়। র‍্যালি পরবর্তী কর্মসূচিতে অংশগ্রহণকারীরা স্বতঃস্ফূর্তভাবে উপজেলা কমপ্লেক্স ও এর আশপাশের এলাকায় পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করেন।

পরে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা পাপিয়া সুলতানার সভাপতিত্বে সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সার্জারি বিভাগের কনসালটেন্ট ডাঃ মমিনুল ইসলাম। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেজবাহুর রহমান।

সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা পাপিয়া সুলতানা বলেন, "ডেঙ্গু প্রতিরোধে কেবল প্রশাসনের উদ্যোগ যথেষ্ট নয়, বরং সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। প্রতিটি নাগরিককে নিজ নিজ বাড়ির আঙিনা ও আশপাশ পরিষ্কার রাখতে হবে। কোথাও যেন পানি জমে না থাকে, সেদিকে কঠোর নজরদারি প্রয়োজন।"

বক্তারা আরও উল্লেখ করেন, এডিস মশার প্রজনন ক্ষেত্র ধ্বংস করা এবং নিয়মিত মশক নিধন কার্যক্রম অব্যাহত রাখলে এসব রোগ প্রতিরোধ করা সম্ভব। সচেতনতামূলক এই কর্মসূচিতে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

এম.কে

×