ছবি: জনকণ্ঠ
গাজীপুরের শ্রীপুর উপজেলার কাওরাইদ এলাকায় ‘দিগন্ত বাংলাদেশ’ নামে একটি কথিত এনজিওর মাধ্যমে ঋণ দেওয়ার প্রলোভন দেখিয়ে গ্রাহকদের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় তিনজন ভূয়া এনজিও কর্মকর্তাকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় গ্রাহকরা।
বৃহস্পতিবার (১২ মার্চ ২০২৬ইং) দুপুরে কাওরাইদ গার্লস স্কুলের পাশের আকরাম মিয়ার দ্বিতীয় তলার বাসায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, ‘দিগন্ত বাংলাদেশ’ নামে একটি এনজিও প্রতিষ্ঠান খোলার কথা বলে কয়েকজন ব্যক্তি এলাকায় ঋণ দেওয়ার প্রলোভন দেখান। পরে বিভিন্ন গ্রাহকের কাছ থেকে ঋণের প্রস্তাব ও সদস্যপদ দেওয়ার কথা বলে কয়েক হাজার থেকে লাখ টাকা পর্যন্ত হাতিয়ে নেন তারা।
বিষয়টি বুঝতে পেরে ক্ষুব্ধ গ্রাহকরা তিনজন কথিত এনজিও কর্মকর্তাকে আটক করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে থানায় নিয়ে যায়।
তবে প্রতারণার মূলহোতা হিসেবে পরিচয় দেওয়া কথিত ব্যাংক ম্যানেজার টাকা নিয়ে আগেই পালিয়ে গেছেন বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা।
এ বিষয়ে স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে ওই বাসা থেকে এনজিও কার্যক্রমের নামে গ্রাহকদের কাছ থেকে টাকা নেওয়া হচ্ছিল। পরে প্রতারণার বিষয়টি প্রকাশ পেলে গ্রাহকরা তাদের আটক করেন। ভুক্তভোগীরা তাদের কাছ থেকে নেওয়া টাকা ফেরত এবং প্রতারকদের বিরুদ্ধে কঠোর শাস্তির দাবি জানিয়েছেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে শ্রীপুর থানার উপ-পরিদর্শক রেজাউল করিম জনকণ্ঠকে জানান, ঘটনাস্থল থেকে তিনজনকে থানায় আনা হয়েছে। অভিযোগের বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
শহীদ








