ছবি: জনকণ্ঠ
আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে মাহে রমজানের শেষ দিকে সড়কে জনদুর্ভোগ কমাতে নরসিংদীর বেলাবে সড়কে শৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিত করতে ইছারমাথা গাড়ি (ট্রলি) চলাচলের ওপর নিয়ন্ত্রণ আরোপ করেছে উপজেলা প্রশাসন। উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় থেকে জারি করা এক গণবিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়েছে।
গণবিজ্ঞপ্তিতে জানানো হয়, জনসাধারণের স্বাভাবিক চলাচল নির্বিঘ্ন রাখা এবং সড়কে শৃঙ্খলা ও নিরাপত্তা বজায় রাখার লক্ষ্যে বেলাব উপজেলার বিভিন্ন সড়কে ইছারমাথা গাড়ি (ট্রলি) চলাচল প্রতিদিন সকাল ৮টা থেকে বিকাল ৫টা পর্যন্ত সম্পূর্ণ বন্ধ থাকবে।
এতে আরও বলা হয়, নির্দেশনাটি অবিলম্বে কার্যকর হবে এবং পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত বহাল থাকবে। কেউ যদি এ নির্দেশনা অমান্য করে, তাহলে তার বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সংশ্লিষ্ট সবাইকে সড়কের শৃঙ্খলা ও জনস্বার্থে এ নির্দেশনা মেনে চলার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার বিভিন্ন সড়কে দীর্ঘদিন ধরে ইছারমাথা গাড়ি বা ট্রলি দিয়ে মাটি ও বালু পরিবহন করা হয়। এসব যানবাহন অধিকাংশ সময় ধীরগতিতে চলাচল করায় যানজট সৃষ্টি হয় এবং অনেক ক্ষেত্রে সড়কের নিরাপত্তা ঝুঁকির মুখে পড়ে। বিশেষ করে বাজার এলাকা ও ব্যস্ত সড়কগুলোতে সাধারণ মানুষের চলাচলে বিঘ্ন ঘটে।
স্থানীয় বাসিন্দাদের মতে, প্রশাসনের এ সিদ্ধান্ত বাস্তবায়ন হলে উপজেলার বিভিন্ন সড়কে শৃঙ্খলা ফিরে আসবে এবং দুর্ঘটনার ঝুঁকি অনেকটাই কমবে। তারা মনে করেন, নিয়ম মেনে নির্দিষ্ট সময়ের বাইরে এসব যান চলাচল করলে জনসাধারণের ভোগান্তিও কমবে।
বেলাব উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে হাফসা নাদিয়া স্বাক্ষরিত এ গণবিজ্ঞপ্তিটি ১২ মার্চ ২০২৬ তারিখে জারি করা হয়। উপজেলা প্রশাসনের এ উদ্যোগ সড়ক নিরাপত্তা ও জনস্বার্থ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।
শহীদ








