ছবি: দৈনিক জনকণ্ঠ।
চুয়াডাঙ্গায় বিভিন্ন অনিয়মের অভিযোগে ৫ প্রতিষ্ঠানের মালিকের কাছে থেকে ১ লাখ ৪০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। বৃহস্পতিবার (১২ মার্চ) সকাল ১০ থেকে দুপুর ২টা পর্যন্ত জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদফতর জেলা শহরের বিভিন্ন এলাকায় তদারকিতে এ জরিমানা আদায় করা হয়।
অভিযানকালে শহরের বসু সুইটস-এ তারিখ বিহীন দই এবং নোংরা ও নষ্ট মিষ্টি বিক্রয়ের অভিযোগে ভাক্তা-অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৭ ধারায় প্রতিষ্ঠানের মালিক কার্তিক চন্দ্র বসুকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়াও নিষিদ্ধ কসমেটিকস বিক্রয়ের জন্য ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪৫ ধারায় পলক গিফট কর্ণার এর মালিক টিনা দেবীকে ২৫ হাজার, সওদাগর গিফট গার্ডেনের মালিক হোসেন শহীদ সোহরাওয়ার্দীকে ২০ হাজার, মামুন গিফট কর্ণার-এর মালিক মাহফুজা খাতুনকে ২৫ হাজার এবং মা রোকেয়া ট্রেডার্সের মালিক দেলোয়ার হোসেনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। সব মিলিয়ে মোট ১ লাখ ৪০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
এছাড়াও হোটেল, পাইকারী ভোজ্য তেল ও মসলার দোকান তদারকি করা হয়। এ সময় আইন মেনে মান সম্মত পণ্য ক্রয়-বিক্রয়, ভাউচার সংরক্ষণ, মেয়াদ উত্তীর্ণ ও মানহীন পণ্য বিক্রয় না করার জন্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে সতর্ক করা হয়।
তদারকি পরিচালনা করেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদফতরের চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান।
অভিযানে সহযোগিতা করেন জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা সজীব পাল, ক্যাব প্রতিনিধি রফিকুল ইসলাম ও জেলা পুলিশের একটা টিম।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
এম.কে








