ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১২ মার্চ ২০২৬, ২৮ ফাল্গুন ১৪৩২

মৃত মুরগী বিক্রির জন্য সংরক্ষণ, চাঁদপুরে ৪ প্রতিষ্ঠানের জরিমানা

জালাল চৌধুরী, নিজস্ব সংবাদদাতা, চাঁদপুর

প্রকাশিত: ১৮:০১, ১২ মার্চ ২০২৬

মৃত মুরগী বিক্রির জন্য সংরক্ষণ, চাঁদপুরে ৪ প্রতিষ্ঠানের জরিমানা

চাঁদপুর শহরের বাবুরহাট বাজারে মৃত মুরগী বিক্রির জন্য সংরক্ষণ ও ভোক্তা অধিকার সংরক্ষন আইন লঙ্ঘন করায় ৪ ব্যবসা প্রতিষ্ঠানকে ১৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (১২ মার্চ) দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান বাজার তদারকির নিয়মিত এই অভিযান পরিচালনা করেন।

তিনি বলেন, অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে মৃত মুরগী বিক্রয়ের জন্য সংরক্ষণ করার অপরাধে মেসার্স ভূইয়া এন্টারপ্রাইজ মালিককে ১০ হাজার টাকা, চর্বিতে রক্ত মিশিয়ে বিক্রয়ের অপরাধে খান গোস্তের দোকান মালিককে ২ হাজার  টাকা, বিদেশি কসমেটিকসে আমদানিকারকের স্টিকার না থাকায় ফাতেমা ফ্যাশন মালিককে ৩ হাজার টাকা এবং একই অপরাধে আখি কসমেটিকস মালিককে  ২ হাজার টাকা সহ মোট ১৭ হাজার  টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।

অভিযুক্ত প্রতিষ্ঠানসমূহ পুনরায় এই ধরনের অনিয়ম করা থেকে বিরত থাকবেন বলে অঙ্গীকার করেন। এসময় মৃত মুরগী ও রক্ত মেশানো মাংসের চর্বি ধ্বংস করা হয়।

অভিযানে সদর উপজেলা স্বাস্থ্য পরিদর্শক নীনা আক্তার এবং জেলা পুলিশের একটি দল সার্বিক সহায়তা প্রদান করে। জনস্বার্থে এ ধরনের অভিযান কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান এই কর্মকর্তা।

 

রাজু

×