ছবি: দৈনিক জনকণ্ঠ।
মাদারীপুরে ট্রাকের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (১২ মার্চ) দুপরে সদর উপজেলার বাহাদুরপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন-মাদারীপুর সদর উপজেলার শিরখাড়া ইউনিয়নের কালিরবাজার এলাকার রফিকুল ইসলামের ছেলে সাইফুল ইসলাম (৩২) এবং রাজৈর উপজেলার ইশিবপুর ইউনিয়নের সোনাপাড়া এলাকার পান্না খানের ছেলে নাজমুল খান (১৬)।
প্রত্যক্ষদর্শীরা জানান, সদর উপজেলার শ্রীনদী এলাকা থেকে মোটরসাইকেলযোগে সাইফুল ইসলাম ও তার আত্মীয় নাজমুল খান মাদারীপুর শহরের দিকে আসছিলেন। মাঝপথে বাহাদুরপুর এলাকায় আসলে সামনে থেকে আসা একটি বেপরোয়া গতির ট্রাকের সংঘর্ষ হয়। এতে ট্রাকের চাকার ভেতর ঢুকে যান দুই মোটরসাইকেল আরোহী। গুরুতর অবস্থায় তাদের উদ্ধার করে মাদারীপুর ২৫০ শয্যা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন।
মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, ‘নিহতদের মরদেহ উদ্ধার করে হাসপাতাল মর্গে রাখা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হবে।’
এম.কে








