ছবি: দৈনিক জনকণ্ঠ।
জামালপুরের ইসলামপুর উপজেলায় কৃষকদের তথ্যভিত্তিক ডাটাবেজ তৈরি এবং সরকারি সহায়তা সহজলভ্য করতে ‘কৃষক কার্ড’ পাইলটিং প্রকল্পের আওতায় তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু হয়েছে। গত ৯ তারিখে আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রমের সূচনা করা হয়। আগামী রবিবারের মধ্যে এ কার্যক্রম শেষ হওয়ার কথা রয়েছে।
কৃষি অফিস সূত্রে জানা গেছে, ময়মনসিংহ বিভাগের মধ্যে পরীক্ষামূলকভাবে এই প্রকল্পটি ইসলামপুর উপজেলায় বাস্তবায়ন করা হচ্ছে। প্রাথমিকভাবে উপজেলার প্রায় ৩ হাজার ২০০ থেকে ৩ হাজার ৫০০ জন কৃষক এ সুবিধার আওতায় আসতে পারেন।
পাইলটিং প্রকল্পের আওতায় উপজেলার গাইবান্ধা ইউনিয়নের গাইবান্ধা ব্লকের ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডে মাঠপর্যায়ে কৃষকদের তথ্য সংগ্রহ করা হচ্ছে। এরই মধ্যে প্রায় ১ হাজার ৯০০ জন কৃষকের নাম তালিকাভুক্ত করা হয়েছে।
বৃহস্পতিবার এ কার্যক্রম পরিদর্শন করেন ময়মনসিংহ অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ তৌফিক আহমদ খান। এ সময় উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জামালপুরের উপ-পরিচালক মোহাম্মদ আলম শরিফ খান, পার্টনার প্রকল্পের সিনিয়র মনিটরিং অফিসার সালাউদ্দিন কায়সার এবং ইসলামপুর উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল ফয়সাল।
কৃষি কর্মকর্তারা জানান, কৃষকদের সঠিক তথ্য সংরক্ষণ, কৃষি সহায়তা প্রদান এবং বিভিন্ন সরকারি প্রণোদনা দ্রুত কৃষকের কাছে পৌঁছে দিতে কৃষক কার্ড গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এজন্য মাঠপর্যায়ে কৃষকদের তথ্য যাচাই ও তালিকাভুক্তির কাজ গুরুত্বের সঙ্গে পরিচালনা করা হচ্ছে।
এম.কে








