ছবি: দৈনিক জনকণ্ঠ।
মানিকগঞ্জের শিবালয়ের পাটুরিয়া পদ্মায় নিমজ্জিত তেলবাহী ট্রাকটি (লরি) উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (১২ মার্চ) দুপুরে পাটুরিয়া ৫ নং ফেরি ঘাট পন্টুন এলাকায় নদীতে নিমজ্জিত ভারি ট্রাকটি উদ্ধার করা হয়। বিআইডব্লিউটিএ’র আরিচা কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী রবিউল আলম জনকণ্ঠকে বিষয়টি নিশ্চিত করেছেন।
জানাজায়, গতকাল বুধবার রাতে সাড়ে ৮টার দিকে পাটুরিয়া ৫ নং ফেরি ঘাট পন্টুনে এ দুর্ঘটনা ঘটে। তবে ট্রাকের চালক ও হেলপারকে অক্ষতভাবে উদ্ধার করা। ডুবে যাওয়া তেলবাহী ট্রাকটি (ঝিনাইদহ-ঢ ৪১-০০৪২) যশোর থেকে ২৪ হাজার লিটার সয়াবিন নিয়ে নারায়ণগঞ্জের উদ্দেশ্যে যাচ্ছিল। পথে দৌলতদিয়া ঘাট থেকে ফেরিতে নদী পার হয়ে পাটুরিয়া ঘাটে নামে। ফেরি থেকে পন্টুন হয়ে সড়কে ওঠার সময় ঢালু পথে ট্রাকটি ব্রেক ফেল করে পিছন দিকে ছুটে সরাসরি পদ্মা নদীতে পড়ে যায়।
দুর্ঘটনার পরপরই ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে ট্রাকের চালক শরীফ ও তার সহকারীকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। বিআইডব্লিউটিএ-টিসি ও ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধারে কাজ শুরু করে।
বিআইডব্লিউটিএ'র উদ্ধার জাহাজ হামজা নিমজ্জিত ট্রাকটি উদ্ধার অভিযান পরিচালনা করে। দীর্ঘ ১৬ ঘণ্টা চেষ্টার পর তা উদ্ধার করতে সক্ষম হয় উদ্ধার জাহাজ হামজার কর্তৃপক্ষ।
বিআইডব্লিউটিএ আরিচা কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী রবিউল আলম বলেন, ফেরিঘাটের ৫ নং ঘাটপন্টুন এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে নিমজ্জিত তেলবাহী ট্রাকটি উদ্ধার করা হয়েছে। ট্রাকে থাকা ২৪ হাজার সয়াবিন তেলের কোনো ক্ষতি হয়নি বলেও জানান তিনি।
এম.কে








