ঢাকা, বাংলাদেশ   বুধবার ১১ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২

নালিতাবাড়ীতে ৮৬ বোতল ভারতীয় মদ উদ্ধার

নিজস্ব সংবাদদাতা, নালিতাবাড়ী, শেরপুর

প্রকাশিত: ১৬:৩৭, ১১ মার্চ ২০২৬

নালিতাবাড়ীতে ৮৬ বোতল ভারতীয় মদ উদ্ধার

ছবি: দৈনিক জনকণ্ঠ।

শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় অভিযান চালিয়ে ৮৬ বোতল ভারতীয় মদ উদ্ধার করেছে পুলিশ। তবে এই ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। বুধবার (১১ মার্চ) দুপুরে নালিতাবাড়ী থানা সূত্র এ তথ্য জানায়। 

এর আগে, মঙ্গলবার গভীর রাতে উপজেলার সীমান্তবর্তী নয়াবিল ইউনিয়নের চাটকিয়া এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এক অভিযান পরিচালনা করে এসব মদ উদ্ধার করা হয়। 

পুলিশ সূত্রে জানা যায়, সীমান্ত এলাকা দিয়ে মাদক পাচারের তথ্য পেয়ে থানার উপপরিদর্শক (এসআই) নুরুল আমিন ও এসআই রাসেল রৌহান চৌধুরীর নেতৃত্বে পুলিশের একটি দল চাটকিয়া এলাকায় অবস্থান নেয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা মাথায় করে আনা ৫টি বস্তা ফেলে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে ৫টি বস্তা থেকে মোট ৮৬ বোতল ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের মদ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মদের বোতল জব্দ করে নালিতাবাড়ী থানায় নিয়ে আসা হয়েছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশ তদন্ত শুরু করেছে।

বিষয়টি নিশ্চিত করেছেন নালিতাবাড়ী থানা পুলিশের সেকেন্ড অফিসার উপ-পরিদর্শক (এসআই) নুরুল আমিন।

এম.কে

×