স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, প্রত্যেকটা পরিবারের প্রধান নারীরা ফ্যামিলি কার্ড পাবেন সুতরাং কেউ অধৈর্য হবেন না। আমি এটুকু ওয়াদা করতে পারি। তিনি বলেন, নির্বাচনের আগে বলেছিলাম এটা আমার শেষ নির্বাচন। আপনারা আমাকে নির্বাচিত করেছেন। আমি আপনাদের ঋণ কখনো শোধ করতে পারব না। তাই, আপনাদের কিছু কাজ ও উন্নয়ন করে ঋণ পরিশোধ করতে চাই।
মঙ্গলবার দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলার রহিমানপুর ইউনিয়নে রহিমানপুর সম্মিলিত ঈদগাহ আলীম মাদ্রাসা প্রাঙ্গণে অনুষ্ঠিত ‘ফ্যামিলি কার্ড’ পাইলট বিতরণ কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তিনি এ কথা বলেন। মন্ত্রী মির্জা ফখরুল বলেন, প্রাথমিক পর্যায়ে আমরা কাজ শুরু করেছি। এই কার্ড সবাই পাবেন, প্রত্যেক ঘরে ঘরে যাবে। শুধু সময়ের ব্যাপার। ফ্যামিলি কার্ড একটা শক্তি বা ক্ষমতা। যেটা নিয়ে আপনি সব জায়গায় দাঁড়াতে পারবেন। এই কার্ডের মাধ্যমে একটা ক্ষমতা তৈরি হবে আপনাদের। পুরুষরা আপনাদের গুরুত্ব দেওয়া শুরু করবে।
মন্ত্রী বলেন, সরকারে আসার ২২ দিনের মধ্যে কার্ড দিয়েছি। ১০ হাজার টাকা কৃষিঋণ মওকুফ করা হয়েছে। ১৬ তারিখে খাল-খনন শুরু হবে। বর্ষার সময় যে পানি হয় সেটা সংরক্ষণ করে খরায় কাজে লাগানো হবে। প্রত্যেক কৃষককে কৃষি কার্ড দেওয়া হবে। তা দিয়ে তারা ন্যাযমূল্যে সার, সেচ ও বীজ কিনতে পারবেন।
মির্জা ফখরুল বলেন, ১৫ বছর আইনকানুন ছিল না। আমাদের নানাভাবে নির্যাতন করা হয়েছে। টাকা ছাড়া কার্ড পাওয়া যেত না। এবার কোনো টাকা-পয়সা লাগেনি। হতাশ হবেন না, সবাইকেই কার্ড দেওয়া হবে। নারী ডিসি, এসপিরাও কার্ড পাবেন।
নির্বাচনী অঙ্গীকারের অংশ হিসেবে সরকার সারাদেশে এই পাইলট প্রকল্প শুরু করেছে। প্রাথমিকভাবে দেশের ১৪টি উপজেলার বিভিন্ন ইউনিয়নে শর্ত সাপেক্ষে কার্ড বিতরণের কাজ চলছে। এর অংশ হিসেবে সদর উপজেলার রহিমানপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ৫৯০ জন নারীকে ফ্যামিলি কার্ড প্রদান করা হয়।
মন্ত্রী মির্জা ফখরুল বলেন, উত্তরাঞ্চলের ঠাকুরগাঁওয়ে বেশি দরকার হয় পানি। আমাদের তো পানি নাই। টিউবওয়েলের পানি ছাড়া আমরা কি কোনো পানি পাই? বরেন্দ্র একটা প্রজেক্ট আছে, সেখান থেকে কিছুটা পানি পাই। সেই সঙ্গে খালগুলোতে যদি আমরা পানি ভরে রাখতে পারি, কৃষি কাজের আমরা অনেক দূর এগিয়ে যাব। এ ছাড়া কৃষকদের বিশেষ কার্ড দেওয়া হবে, যা দিয়ে ন্যায্যমূল্যে সার, বীজ ও সেচ সুবিধা নিশ্চিত হবে।
বেকার যুবকদের উদ্দেশে মির্জা ফখরুল বলেন, শিক্ষিত ছেলেদের আইটি ও ফ্রিল্যান্সিং ট্রেনিং দেওয়া হবে, যাতে তারা ঘরে বসেই মাসে দুই-তিন লাখ টাকা আয় করতে পারেন।
জেলা প্রশাসক ইসরাত ফারজানার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঠাকুরগাঁও-২ আসনের এমপি ডা. আব্দুস সামাদ, রংপুর বিভাগীয় কমিশনার শহিদুল ইসলাম, পুলিশ সুপার বেলাল হোসেন, জেলা বিএনপি সভাপতি মির্জা ফয়সল আমিন, সাধারণ সম্পাদক পয়গাম আলীসহ সরকারি দপ্তরের বিভিন্ন কর্মকর্তা ও বিএনপি নেতৃবৃন্দ।
প্যানেল হু








