ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩

অবৈধ তালিকায় নেই প্রভাবশালীদের ইটভাটা: রায়গঞ্জে ৬টি জরিমানা ১৯.৫০ লাখ টাকা

নিজস্ব সংবাদদাতা,রায়গঞ্জ,সিরাজগঞ্জ

প্রকাশিত: ১৯:০৯, ১০ মার্চ ২০২৬; আপডেট: ১৯:০৯, ১০ মার্চ ২০২৬

অবৈধ তালিকায় নেই প্রভাবশালীদের ইটভাটা: রায়গঞ্জে ৬টি জরিমানা ১৯.৫০ লাখ টাকা

সিরাজগঞ্জের রায়গঞ্জে আবারও অবৈধ ইটভাটায় অভিযান পরিচালনা করেছে পরিবেশ অধিদপ্তর। দুটি ইটভাটায় জরিমানাসহ স্থাপনার অংশ বিশেষ ভেঙ্গে ফেলা হয়েছে আর ৪টি ইটভাটায় জরিমানা করা হয়েছে। মোট জরিমানা আদায় করা হয়েছে ১৯ লাখ ৫০ হাজার টাকা। মঙ্গলবার (১০ মার্চ) দিনব্যাপী পরিবেশ অধিদপ্তর কর্তৃক পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ অভিযান চালানো হয়।  অভিযানে নেতৃত্ব দেন পরিবেশ অধিদপ্তরের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাজ্জাদ জাহিদ রাতুল। ভ্রাম্যমান আদালতের কার্যক্রমকে সহযোগীতা করেন  সিরাজগঞ্জ জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক তুহিন আলম, প্রসিকিউটর শাহিন আলমসহ পুলিশ, র‌্যাব ও ব্যাটালিয়ন সদস্যরা।

অভিযানে নেতৃত্বদানকারী পরিবেশ অধিদপ্তরের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাজ্জাদ জাহিদ রাতুল বলেন, উপজেলার বেশ কয়েকটি ইটভাটা পরিবেশ অধিদপ্তরের অনুমোদন ছাড়াই পরিচালিত হচ্ছিল এবং পরিবেশগত বিভিন্ন বিধি-বিধান লঙ্ঘন করা হচ্ছিল। এ কারণে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধনী-২০১৯) এর ৫(১) ও ১৫(১) ধারা অনুযায়ী ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ছয়টি ইটভাটাকে মোট ১৯ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় অবৈধভাবে পরিচালিত মেসার্স বর্ণ ব্রিকস ও মেসার্স আরএফবি ব্রিকস নামের দুটি ইটভাটা ভেঙে দেওয়া হয়। পরিবেশের ক্ষতি করে অবৈধভাবে ইটভাটা পরিচালনার বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। পরিবেশ সংরক্ষণে আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও তারা সতর্ক করেন।

জরিমানাকৃত ভাটাগুলোর মধ্যে রয়েছে, মেসার্স প্রত্যয় ব্রিকসকে ৩ লাখ ৫০ হাজার টাকা,মেসার্স বর্ণ ব্রিকসকে ২ লাখ টাকা, মেসার্স লামইয়া ব্রিকসকে ৩ লাখ টাকা , মেসার্স এডিবি ব্রিকসকে ৩ লাখ টাকা, মেসার্স আরএফবি ব্রিকসকে ৩ লাখ টাকা এবং  মেসার্স মামা-ভাগ্নে ব্রিকসকে ৫ লাখ টাকা জরিমানা করা হয়। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, পরিবেশ দূষণ রোধ এবং কৃষিজমি ও জনস্বাস্থ্য রক্ষায় অনুমোদনহীন ইটভাটার বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে।

অভিযোগ রয়েছে, অবৈধ তালিকায় নেই প্রভাবশালীদের ইটভাটা। প্রায়ই অভিযান চললেও প্রভাবশালীদের ইটভাটায় কোন অভিযান চালানো হচ্ছেনা। একটি মহলের যোগসাজশে চিহিৃত ইটভাটাগুলোতে বারবার অভিযান পরিচালনা করা হচ্ছে। এনিয়ে অনেক ইটভাটা মালিকদের মাঝে চাপা ক্ষোভের সৃষ্টি হয়েছে।

রাজু

×