লক্ষ্মীপুরে একটি বিদেশি রিভলভার, ৪৬ রাউন্ড গুলি এবং চারটি গুলির খোসাসহ শহিদ ওরফে শিপন (৩০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। মঙ্গলবার (১০ মার্চ) ভোররাতে সদর উপজেলার বাঙ্গাখাঁ ইউনিয়নর রাঁধাপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
গ্রেপ্তার শিপন ওই এলাকার আবুল কালামের ছেলে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে লক্ষ্মীপুর সদর থানা পুলিশের একটি দল বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় শিপনকে গ্রেপ্তার করা হয় এবং তার কাছ থেকে একটি বিদেশি রিভলভার, ৪৬ রাউন্ড তাজা গুলি এবং চারটি ব্যবহৃত গুলির খোসা উদ্ধার করা হয়।
এ বিষয়ে লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াহিদ পারভেজ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে অস্ত্রসহ তাকে গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধারকৃত অস্ত্র ও গুলি জব্দ করা হয়েছে।
তিনি আরও জানান, গ্রেপ্তারকৃত ব্যক্তির বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।
পুলিশ বলছে, এ ঘটনায় জড়িত অন্য কোনো ব্যক্তি আছে কি না, সে বিষয়েও তদন্ত চলছে।
রাজু








