ঢাকা, বাংলাদেশ   রোববার ১৫ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩২

আলীকদমে অসহায়, অসুস্থ ও অনাথ শিক্ষার্থীদের পাশে বিজিবি

মেহেদী হাসান রানা, আলীকদম-লামা, বান্দরবান 

প্রকাশিত: ১৫:০৯, ১০ মার্চ ২০২৬

আলীকদমে অসহায়, অসুস্থ ও অনাথ শিক্ষার্থীদের পাশে বিজিবি

ছবি: দৈনিক জনকণ্ঠ।

বান্দরবানের আলীকদম উপজেলায় বসবাসরত গুরুতর অসুস্থ ও অসহায় ব্যক্তিদের চিকিৎসা সহায়তা এবং অনাথ শিক্ষার্থীদের লেখাপড়ার খরচ বহনে আর্থিক অনুদান প্রদান করেছে আলীকদম ব্যাটালিয়ন (৫৭ বিজিবি)। মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রমের অংশ হিসেবে এই সহায়তা প্রদান করা হয়।

মঙ্গলবার (১০ মার্চ) আলীকদম ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মেহেদী, পদাতিকের উদ্যোগে আলীকদম উপজেলার আলীকদম সদর, নয়াপাড়া ও চৈক্ষং ইউনিয়নে বসবাসরত বিভিন্ন রোগে আক্রান্ত ও শারীরিকভাবে অক্ষমতাজনিত সমস্যায় ভোগা মোট ১৩ জন গুরুতর অসুস্থ ব্যক্তির হাতে চিকিৎসা গ্রহণের জন্য আর্থিক অনুদান তুলে দেওয়া হয়। 

একই সঙ্গে এলাকার ৪ জন অনাথ শিক্ষার্থীকে তাদের পড়াশোনা চালিয়ে যেতে প্রয়োজনীয় আর্থিক সহায়তা প্রদান করা হয়।

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সূত্রে জানা যায়, কক্সবাজার রিজিয়নের বান্দরবান সেক্টরের অধীনস্থ আলীকদম ব্যাটালিয়ন (৫৭ বিজিবি) দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের দুর্গম বাংলাদেশ–মিয়ানমার সীমান্ত এলাকায় দায়িত্ব পালন করে আসছে। সীমান্ত সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি চোরাচালান প্রতিরোধ, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ, অবৈধ অনুপ্রবেশ রোধ এবং আন্তঃরাষ্ট্রীয় সীমান্ত অপরাধ দমনে নিয়মিত অভিযান পরিচালনা করছে বিজিবি।

এছাড়াও “অপারেশন উত্তরণ” কর্মসূচির আওতায় দুর্গম পার্বত্য অঞ্চলে বসবাসরত স্থানীয় নৃ-গোষ্ঠী ও অসহায় বাঙালি জনগোষ্ঠীর কল্যাণে বিভিন্ন মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে আলীকদম ব্যাটালিয়ন। এর মধ্যে রয়েছে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান, আর্থিক সহায়তা, খাদ্য ও বস্ত্র বিতরণ, শীতবস্ত্র হিসেবে কম্বল প্রদান এবং অগ্নিকাণ্ড বা প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ সহায়তা বিতরণ।

এ ধরনের কার্যক্রমের মাধ্যমে পার্বত্য অঞ্চলে পাহাড়ি-বাঙালি সম্প্রীতি জোরদার করার পাশাপাশি সীমান্তবর্তী দুর্গম এলাকার নিম্নআয়ের মানুষের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে বিজিবি।

অনুদান প্রদান অনুষ্ঠানে আলীকদম ব্যাটালিয়নের সুবেদার মেজরসহ বিভিন্ন পদবির বিজিবি সদস্যরা উপস্থিত ছিলেন। এ সময় অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মেহেদী বলেন, সীমান্ত সুরক্ষার পাশাপাশি মানবিক দায়িত্ব পালনের অংশ হিসেবে ভবিষ্যতেও এ ধরনের সহায়তামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

এম.কে

×