ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৮ মার্চ ২০২৬, ৪ চৈত্র ১৪৩২

রাজবাড়ীর পাংশায় ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন

নিজস্ব সংবাদদাতা, রাজবাড়ী

প্রকাশিত: ১৪:৩১, ১০ মার্চ ২০২৬

রাজবাড়ীর পাংশায় ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন

ছবি: দৈনিক জনকণ্ঠ।

রাজবাড়ীর পাংশা উপজেলা-এ ফ্যামিলি কার্ড পাইলটিং কার্যক্রমের আওতায় উপকারভোগী পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। 

মঙ্গলবার (১০ মার্চ) বেলা ১১টার দিকে উপজেলা চত্বরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে আনুষ্ঠানিকভাবে কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন বাংলাদেশ সরকারের অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজবাড়ীর জেলা প্রশাসক সুলতানা আক্তার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংস্কৃতিক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম এমপি এবং রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য হারুন অর রশিদ হারুন।

প্রধান অতিথির বক্তব্যে ড. তিতুমীর বলেন, ফ্যামিলি কার্ড কর্মসূচির মাধ্যমে দেশের নিম্ন আয়ের ও সুবিধাবঞ্চিত পরিবারগুলোকে একটি সমন্বিত সহায়তার আওতায় আনা হচ্ছে। এতে প্রকৃত উপকারভোগীদের চিহ্নিত করে সরকারি বিভিন্ন সামাজিক সুরক্ষা কর্মসূচির সুবিধা সহজে পৌঁছে দেওয়া সম্ভব হবে। তিনি আরও বলেন, পাইলটিং কার্যক্রম সফল হলে পর্যায়ক্রমে দেশের অন্যান্য উপজেলাতেও এ কর্মসূচি সম্প্রসারণ করা হবে।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, প্রধানমন্ত্রীর ঘোষণার পর সারাদেশের ১৪টি উপজেলার মধ্যে পাংশা উপজেলাকে ফ্যামিলি কার্ড পাইলটিং কার্যক্রমের জন্য নির্বাচিত করা হয়েছে। এর অংশ হিসেবে পাংশা উপজেলার হাবাসপুর ইউনিয়ন-এর চর ঝিকরী গ্রাম এলাকায় গত ২৫ ফেব্রুয়ারি উপকারভোগী পরিবারের বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করা হয়। যাচাই-বাছাই শেষে নির্বাচিত পরিবারগুলোকে এ কর্মসূচির আওতায় অন্তর্ভুক্ত করা হয়।

প্রথম ধাপে হাবাসপুর ইউনিয়নের মোট ১ হাজার ২০১টি পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ করা হয়েছে। কার্ড পেয়ে দরিদ্র ও নিম্ন আয়ের পরিবারগুলো সন্তোষ প্রকাশ করেন এবং সরকারের এই উদ্যোগকে স্বাগত জানান।

অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথি ও বিশেষ অতিথিদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান উপজেলা প্রশাসনের কর্মকর্তারা। এ সময় জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন জনপ্রতিনিধি, প্রশাসনিক কর্মকর্তা এবং রাজনৈতিক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এম.কে

×