ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩

লালমাই নিয়ে বড় বার্তা দিলেন ইয়াছিন আরাফাত

প্রদীপ মজুমদার, লালমাই, কুমিল্লা 

প্রকাশিত: ২৩:৪৪, ৯ মার্চ ২০২৬

লালমাই নিয়ে বড় বার্তা দিলেন ইয়াছিন আরাফাত

ছবি: জনকণ্ঠ

কুমিল্লার লালমাই উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৯ মার্চ) বিকেলে পদুয়ার বাজার নুরজাহান হোটেলে উপজেলা জামায়াতের আয়োজনে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি মাও. মোহাম্মদ ইয়াছিন আরাফাত।

তিনি বলেন, বিগত জাতীয় নির্বাচনে আমাদের সামনে সুযোগ এসেছিল, জাতির সামনে সুযোগ এসে গিয়েছিল কালো টাকাকে প্রত্যাখ্যান করে বুর্জোয়া রাজনীতিকে প্রত্যাখ্যান করে ন্যায় ও ইনসাফের রাজনীতি গ্রহণ করার। একটি আলোকিত সমাজ গঠনের সুযোগ এসেছিল। দুর্ভাগ্য আমাদের—আমরা যারা গ্রহণ করতে চেয়েছি, তাদের সুযোগ দেইনি। গত ৫৪ বছর যারা রাষ্ট্রক্ষমতায় ছিল সবাই মুসলমান ছিল, যারা তাদের ভোট দিয়েছে তাদের ৯০ শতাংশ মুসলমান ছিল; কিন্তু জাতি হিসেবে আমরা ইসলামি সরকার প্রতিষ্ঠা করতে পারিনি। আগামী দিনে আবারও সুযোগ আসবে।

তিনি বলেন, লালমাই উপজেলার ৪২ শতাংশ জনগণ আমাকে ভোট দিয়েছেন। আমি আপনাদের কাছে কৃতজ্ঞ। যারা আমাকে ভোট দিয়েছেন, ভোট দেননি—আমি সকলের আপনজন। আমি সকলকে হৃদয়ে ধারণ করি। কারণ নির্বাচনের আগে যখন আমি মানুষের কাছে গিয়েছি, প্রত্যেক মানুষের ভালোবাসা পেয়েছি। মানুষের এই ভালোবাসা দিয়েই আমি সামনে এগোতে চাই। নির্বাচনের আগে যে প্রতিশ্রুতিগুলো দিয়েছি, আমরা বিজয়ী হতে না পারলেও বিরোধী দলে থেকেও আমাদের যেখানে যেখানে সুযোগ আছে লালমাই-নাঙ্গলকোটের উন্নয়নে ভূমিকা পালন করব। এই কুমিল্লা-১০ আসনের এক লক্ষ পঁচিশ হাজার মানুষ আমাদের ভোট দিয়ে সম্মানিত করেছেন। আমি আপনাদের ভালোবাসার ঋণে আবদ্ধ। এই ঋণ শোধ করার সক্ষমতা আমার নেই।

তিনি আরও বলেন, লালমাইয়ের গুরুত্বপূর্ণ সমস্যা হচ্ছে এটি একটি উপজেলা হিসেবে ঘোষণা হয়েছে, তবে উপজেলার প্রশাসনিক যত কাঠামো রয়েছে সেগুলো এখনো পূর্ণাঙ্গ বাস্তবায়ন হয়নি। এই লালমাই উপজেলার কাঠামোগত সংস্কার প্রয়োজন। হাসপাতাল, ফায়ার সার্ভিস ও রেজিস্ট্রি অফিস প্রতিষ্ঠা করা প্রয়োজন।

তিনি বলেন, কেউ কেউ বলছে এই উপজেলা নাকি থাকবে না। এই উপজেলার যে সীমানা রয়েছে, এর মধ্যে লালমাই অংশটি যুক্ত করে এটিকে কার্যকরী একটি উপজেলা হিসেবে শক্তিশালী করতে হবে। পাশাপাশি কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের বাগমারা বাজারের যানজট নিরসনে সেখানকার ফোর লেন সড়কের যে প্রকল্প রয়েছে, সেটি দ্রুত সম্পন্ন করে মানুষকে যানজট থেকে মুক্তি দিতে হবে।

তিনি আরও বলেন, আমরা শুধু এমপি-মন্ত্রী হওয়ার জন্য নিজের আখের গুছানোর উদ্দেশ্যে পরিশ্রম করিনি; বরং আপনার সন্তানের আগামীর ভবিষ্যৎ সুন্দর করার জন্য, একটি কল্যাণকর রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য আমরা পরিশ্রম করেছি। একটি সুন্দর লালমাই বিনির্মাণে এবং একটি সমৃদ্ধ জনপদ গড়ে তুলতে আমাদের পরিশ্রম আগামী দিনেও অব্যাহত থাকবে।

লালমাই উপজেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুর নুরের সভাপতিত্বে এবং সেক্রেটারি মাওলানা ইমাম হোসাইনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. আখতার হোসেন মজুমদার, জামায়াতে ইসলামী কুমিল্লা দক্ষিণ জেলার অফিস সম্পাদক গোলাম সরওয়ার মজুমদার কামাল, অধ্যক্ষ মাও. আব্দুল কাইয়ূম, অধ্যক্ষ আব্দুর রব, মাও. মফিজুর রহমান ও লালমাই প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কামাল হোসেন প্রমুখ।

শহীদ

×