ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩

আধুনিক প্রযুক্তিতে প্রতারণা রুখে দিল চুয়াডাঙ্গা জেলা পুলিশ

রাজীব হাসান কচি, চুয়াডাঙ্গা

প্রকাশিত: ২৩:০৯, ৯ মার্চ ২০২৬

আধুনিক প্রযুক্তিতে প্রতারণা রুখে দিল চুয়াডাঙ্গা জেলা পুলিশ

ছবি: জনকণ্ঠ

চুয়াডাঙ্গায় হারিয়ে যাওয়া মোবাইল ফোন ও মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসের মাধ্যমে প্রতারণার শিকার হয়ে খোয়া যাওয়া অর্থ উদ্ধার করে ভুক্তভোগীদের মাঝে ফিরিয়ে দিয়েছে জেলা পুলিশ। জেলা পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে এসব মোবাইল ফোন ও অর্থ আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়।

সোমবার দুপুরে চুয়াডাঙ্গা পুলিশ সুপারের সম্মেলন কক্ষে প্রধান অতিথি হিসেবে উদ্ধার হওয়া মোবাইল ফোন ও অর্থ ভুক্তভোগীদের হাতে তুলে দেন পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম।

জেলা পুলিশ সোমবার বিকেল ৪টার পর গণমাধ্যম কর্মীদের কাছে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, পুলিশ সুপারের দিকনির্দেশনায় সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল আধুনিক প্রযুক্তি ব্যবহার করে বিভিন্ন সময়ে হারিয়ে যাওয়া মোবাইল ফোন এবং বিকাশ, নগদ ও রকেটসহ বিভিন্ন মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসের মাধ্যমে সংঘটিত প্রতারণার ঘটনায় হাতিয়ে নেওয়া অর্থ উদ্ধার করতে সক্ষম হয়।

অভিযানে বিভিন্ন মডেলের ২৮টি স্মার্টফোন এবং প্রতারণার মাধ্যমে খোয়া যাওয়া এক লাখ ১৯ হাজার টাকা উদ্ধার করা হয়। পরে এসব মোবাইল ফোন ও অর্থ সংশ্লিষ্ট ভুক্তভোগীদের কাছে ফিরিয়ে দেওয়া হয়।

এ সময় পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম বলেন, প্রযুক্তির ব্যবহার যেমন বাড়ছে, তেমনি সাইবার অপরাধের ঘটনাও বৃদ্ধি পাচ্ছে। এসব অপরাধ দমনে চুয়াডাঙ্গা জেলা পুলিশ সর্বদা সতর্ক ও তৎপর রয়েছে। তিনি মোবাইল ফোন ও মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস ব্যবহারে জনগণকে সতর্ক থাকার আহ্বান জানান এবং কোনো ধরনের প্রতারণার শিকার হলে দ্রুত নিকটস্থ থানায় অথবা জেলা পুলিশের সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দেন। তিনি আরও বলেন, ভুক্তভোগীদের ধৈর্য ও সহযোগিতার কারণেই এসব মোবাইল ফোন ও অর্থ উদ্ধার করা সম্ভব হয়েছে।

উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মিনহাজ-উল-ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) জামাল আল নাসের, জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মশিয়ার রহমান এবং সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের ইনচার্জ মোহাম্মদ সামসুদ্দোহাসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

পুলিশের এ উদ্যোগে ভুক্তভোগীদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। একই সঙ্গে প্রযুক্তি নির্ভর অপরাধ দমনে জেলা পুলিশের সক্রিয় ভূমিকা সাধারণ মানুষের মধ্যে আস্থার বার্তা পৌঁছে দিয়েছে।

শহীদ

×