কুড়িগ্রাম ৩ (উলিপুর) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহী বলেছেন, ঈদুল ফিতর উপলক্ষে অতিদরিদ্র, অসহায় ও দুস্থ পরিবারের মাঝে ভিজিএফ'র কার্ড বিতরণে কোন অনিয়ম হলে কাউকে বিন্দুমাত্র ছাড় দেয়া হবে না।
সোমবার (৯ মার্চ) সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা কার্যালয়ের হলরুমে এক সভায় তিনি এসব কথা বলেন।
এমপি ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহী বলেন, ভিজিএফ কার্ড বিতরণে সর্বোচ্চ স্বচ্ছতা নিশ্চিত করতে হবে। এলাকার মানুষ এবার জানতে পারবে কোন ওয়ার্ডে কতটি কার্ড যাচ্ছে এবং বিষয়টি গণমাধ্যমেও জানানো হবে।
তিনি আরো বলেন, কোন ধরনের অনিয়ম বা ব্যত্যয় হলে তা কোনোভাবেই বিবেচনা করা হবে না। কোন অভিযোগ পাওয়া গেলে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।
সভায় সভাপতিত্ব করেন উলিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহামুদুল হাসান। এ সময় জামায়াতে ইসলামী, বিএনপি, এনসিপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ এবং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও প্যানেল চেয়ারম্যানগণ উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের তথ্য অনুযায়ী এবার উলিপুর উপজেলার ১৩টি ইউনিয়নে ৮৩ হাজার ৩৭০ জন উপকারভোগীর মধ্যে ভিজিএফ কার্ড বিতরণ করা হবে। কার্ডপ্রতি ১০ কেজি হারে মোট ৮৩.৩৭০ মেট্রিক টন চাল বরাদ্দ পাবে ইউনিয়নবাসী। এছাড়া উলিপুর পৌরসভার ৪ হাজার ৬২৫টি কার্ডের জন্য মোট ৪৬.২৫০ মেট্রিক টন চাল বরাদ্দ পাবে পৌরসভার উপকারভোগীরা।
রাজু








