ঢাকা, বাংলাদেশ   রোববার ১৫ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩২

রমজানে আলীকদমে ১০০ পরিবারকে সহায়তা, এতিমখানায় অনুদান দিলো ৫৭ বিজিবি

মেহেদী হাসান রানা, আলীকদম-লামা,বান্দরবান

প্রকাশিত: ১৯:২২, ৯ মার্চ ২০২৬

রমজানে আলীকদমে ১০০ পরিবারকে সহায়তা, এতিমখানায় অনুদান দিলো ৫৭ বিজিবি

পবিত্র মাহে রমজান উপলক্ষে বান্দরবানের আলীকদমে স্থানীয় দুঃস্থ ও অসহায় পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ এবং এতিমখানায় আর্থিক অনুদান প্রদান করেছে আলীকদম ব্যাটালিয়ন (৫৭ বিজিবি)। সোমবার (৯ মার্চ) উপজেলার নয়াপাড়া ইউনিয়নে এ মানবিক কার্যক্রম অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আলীকদম ব্যাটালিয়ন (৫৭ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্ণেল আব্দুল্লাহ আল মেহেদী, পদাতিক স্থানীয় ১০০টি দুঃস্থ ও অসহায় পরিবারের হাতে ইফতার সামগ্রী তুলে দেন। এ সময় উপকারভোগী পরিবারগুলো বিজিবির এ উদ্যোগে সন্তোষ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

একইসাথে আলীকদম উপজেলার দুইটি মাদ্রাসা ও এতিমখানা~আলীকদম আজিজিয়া ফয়জুল উলুম মাদ্রাসা ও এতিমখানা এবং আলীকদম ইসলামিয়া এতিমখানায় অধ্যয়নরত এতিম শিক্ষার্থীদের জন্য পবিত্র মাহে রমজান উপলক্ষে উন্নতমানের ইফতার ও সেহরির ব্যবস্থা করতে আর্থিক অনুদান প্রদান করা হয়। এতিমখানার শিক্ষক ও শিক্ষার্থীরা বিজিবির এ সহায়তার জন্য ধন্যবাদ জানান।

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) কক্সবাজার রিজিয়নের বান্দরবান সেক্টরের অধীনস্থ আলীকদম ব্যাটালিয়ন (৫৭ বিজিবি) দেশের সর্ব দক্ষিণ-পূর্বাঞ্চলের দুর্গম বাংলাদেশ-মিয়ানমার সীমান্ত এলাকায় দায়িত্ব পালন করে আসছে। সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি চোরাচালান প্রতিরোধ, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ, অবৈধ অনুপ্রবেশ রোধ এবং আন্তঃরাষ্ট্রীয় সীমান্ত অপরাধ দমনে ব্যাটালিয়নটি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে।

এছাড়াও বিজিবি “অপারেশন উত্তরণ” কর্মসূচির আওতায় পার্বত্য অঞ্চলের দুর্গম পাহাড়ি এলাকায় বসবাসরত বিভিন্ন নৃ-গোষ্ঠী সম্প্রদায় ও অসহায় বাঙালি জনগোষ্ঠীর পাশে থেকে নিয়মিত মানবিক সহায়তা প্রদান করে আসছে। এর অংশ হিসেবে বিভিন্ন সময় বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান, খাদ্য ও বস্ত্র বিতরণ, শীতকালীন কম্বল বিতরণ, অগ্নিকাণ্ড ও বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণসহ নানা জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করা হয়।
বিজিবির এসব উদ্যোগ পার্বত্য অঞ্চলে বসবাসরত পাহাড়ি ও বাঙালি জনগোষ্ঠীর মধ্যে সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে স্থানীয়রা মনে করেন। পাশাপাশি দুর্গম সীমান্তবর্তী এলাকার নিম্নআয়ের মানুষের জীবনযাত্রার মান উন্নয়নে বিজিবি বিভিন্নভাবে সহায়তা করে আসছে।

অনুষ্ঠানে আলীকদম ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অ্যাডজুট্যান্ট, কোয়ার্টার মাস্টারসহ বিভিন্ন পদবির বিজিবি সদস্যবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বিজিবি কর্তৃপক্ষ জানান, সীমান্ত নিরাপত্তা রক্ষার পাশাপাশি পার্বত্য অঞ্চলের মানুষের কল্যাণে এবং সামাজিক সম্প্রীতি বজায় রাখতে ভবিষ্যতেও আলীকদম ব্যাটালিয়ন (৫৭ বিজিবি) এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখবে।

রাজু

×