ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩

নারায়ণগঞ্জে ছিনতাইকারীর কবলে পুলিশ কর্মকর্তা, অস্ত্র লুট 

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৮:০৮, ৯ মার্চ ২০২৬

নারায়ণগঞ্জে ছিনতাইকারীর কবলে পুলিশ কর্মকর্তা, অস্ত্র লুট 

নারায়ণগঞ্জ শহরের নগর ভবনের সামনে পুলিশের একজন সহকারী উপপরিদর্শক (এসআই) ছিনতাইকারীদের কবলে পড়েছেন। এ সময় ছিনতাইকারীরা তার সঙ্গে থাকা সরকারি পিস্তল লুট করে নিয়ে গেছে। সোমবার সকাল ৬টায় শহরের নিতাইগঞ্জ এলাকার নগর ভবনের সামনে এ ঘটনাটি ঘটে। সোমবার বিকেল সাড়ে পাঁচটায় জনকন্ঠের এ প্রতিবেদককে এ বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) তাসমিন আক্তার।

পুলিশ জানায়, এএসআই লুৎফর রহমান ওই সময় অন-ডিউটিতে ছিলেন। দায়িত্ব পালনের সময় তিনি টয়লেট ব্যবহারের জন্য টিম থেকে কিছুটা বিচ্ছিন্ন হয়ে পড়েন। তার সঙ্গে একটি মোটরসাইকেলও ছিল। এ সময় পথে ওঁৎ পেতে থাকা তিনজন ছিনতাইকারী তার পথরোধ করে। পরে তারা তার সঙ্গে থাকা সরকারি পিস্তল ছিনিয়ে নিয়ে দ্রুত পালিয়ে যায়। ঘটনার সময় ওই পুলিশ সদস্য পুলিশের পোশাক পরা অবস্থায় ছিলেন।

নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) তাসমিন আক্তার জানান, শহরের জিমখানা, রাসেল পার্ক ও নিতাইগঞ্জ ছিনতাই প্রবণ এলাকা। তাই এসব এলাকায় রাতে পুলিশ টহলের ব্যবস্থা করা হয়। রাত বারোটা থেকে ভোর ছয়টা পর্যন্ত পুলিশ টহলে ছিল। ভোরে নগর ভবনের সামনে এ ঘটনাটি ঘটে। ছিনতাই ও অস্ত্র লুটের ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশের একাধিক টিম কাজ করছে। তিনি আরও বলেন, ঘটনাটি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে এবং জড়িতদের দ্রুত গ্রেপ্তার করা হবে।

রাজু

×