ছবি: জনকণ্ঠ
লক্ষ্মীপুরের রামগতিতে চলতি মৌসুমে সরিষার বাম্পার ফলন হয়েছে। এক সময়ে সয়াবিন ও বাদাম চাষে এ অঞ্চলের খ্যাতি থাকলেও বর্তমানে আধুনিক কৃষি প্রযুক্তি ও উন্নত জাতের বীজের কল্যাণে কৃষকরা সরিষা চাষে ঝুঁকছেন। অনুকূল আবহাওয়া আর সঠিক পরিচর্যার ফলে এবার লক্ষ্যমাত্রার চেয়েও বেশি জমিতে সরিষার আবাদ হয়েছে। বর্তমানে মাঠজুড়ে হলুদের সমারোহ আর কৃষাণ-কৃষাণীদের ব্যস্ততা জানান দিচ্ছে এক নীরব কৃষি বিপ্লবের কথা। সরিষার এই ভালো ফলন একদিকে যেমন কৃষকদের আর্থিক সচ্ছলতা বাড়াচ্ছে, অন্যদিকে দেশের ভোজ্যতেলের চাহিদা পূরণেও বিশেষ ভূমিকা রাখছে।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, চলতি বছরে রামগতিতে ৪০০ হেক্টর জমিতে সরিষা চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হলেও আবাদ হয়েছে ৪৩৫ হেক্টর জমিতে। এতে প্রায় ৫২২ মেট্রিক টন সরিষা উৎপাদিত হবে বলে আশা করা হচ্ছে। চরগাজী ইউনিয়নের কৃষক নূর নবী ও চরলক্ষ্মী গ্রামের আবু তাহের জানান, সয়াবিন ও বাদামের তুলনায় সরিষার উৎপাদন খরচ কম এবং বাজারে দামও ভালো । উপজেলা কৃষি কর্মকর্তা মো. মজিবুর রহমান বলেন, সরকারের কৃষি বান্ধব নীতি এবং মাঠপর্যায়ে উপ-সহকারী কৃষি কর্মকর্তাদের নিবিড় তদারকির ফলে এবার সরিষার আবাদে এই সাফল্য এসেছে
শহীদ








