ছবি: জনকণ্ঠ
তিনজন সংসদ সদস্যের উপস্থিতিতে জেলার আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নের সমন্বিত অঙ্গীকারের মধ্য দিয়ে জামালপুর জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা ৮ মার্চ, রবিবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে।
সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুপ আলী।
জামালপুর সদর আসনের সংসদ সদস্য আইনজীবী শাহ মো. ওয়ারেছ আলী মামুন বলেন, ঈদকে সামনে রেখে দুর্বৃত্তদের অপতৎপরতার কথা শোনা যাচ্ছে। বিশেষ করে চুরি, ডাকাতি, ছিনতাইয়ের ঘটনা ঘটছে বলে বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ পাচ্ছে।
তিনি বলেন, এ ধরনের চুরির ঘটনা বেশিরভাগ ক্ষেত্রে মাদকসেবীদের দ্বারা সংঘটিত হচ্ছে। মাদক বন্ধ করতে না পারলে পরিণতি আরও খারাপ হবে। আমাদের নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী অন্যতম এজেন্ডা ছিল মাদকমুক্ত জামালপুর গড়ে তোলা। আমরা মাদকের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করেছি। ঈদযাত্রায় ঘরমুখী যাত্রীরা যাতে হয়রানির শিকার না হয় এ জন্য বাস মালিক সমিতির নেতৃবৃন্দকে ভাড়া না বাড়ায় তা মনিটরিং করতে হবে। তিনি শহরের যানজট নিরসনে লিংকরোডগুলো ব্যবহার ও ফুটপাত স্বাভাবিক রাখতে প্রশাসনকে পদক্ষেপ নেয়ার আহ্বান জানান।
সভায় জামালপুর-৩ (মেলান্দহ-মাদারগঞ্জ) আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান বাবুল বলেন, ট্রেনের টিকিট কালোবাজারি বন্ধ করতে কঠোর পদক্ষেপ নিতে হবে। টিকিট কালোবাজারি কারা করে তা সবাই জানেন। অথচ গ্রেপ্তার হয় না। এ ব্যপারে জিরো টলারেন্স নীতি অবলম্বন করতে হবে।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্বাচনী প্রতিশ্রুতি এবং রোজার আগে জাতির কাছে দেওয়া অঙ্গীকার বাস্তবায়ন শুরু হয়েছে। নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ এবং ফ্যামিলি কার্ড ও কৃষিকার্ড বিতরণে প্রক্রিয়া শুরু হয়েছে। আমাদের সরকারের অঙ্গীকার বাস্তবায়নে মাঠ প্রশাসনের দায়িত্বশীল ভূমিকা আমরা দেখতে চাই। তিনি মাদক নির্মূলে প্রশাসনের কঠোর নীতি প্রতিপালন করার অনুরোধ করেন।
ইসলামপুর থেকে নির্বাচিত সংসদ সদস্য এ. ই. সুলতান মাহমুদ বাবু বলেন, জনপ্রতিনিধি হিসাবে জনকল্যাণে কাজ করাই আমাদের মূল লক্ষ্য। মাঠ প্রশাসন যাতে আমাদের নির্দেশনা মেনে কাজ করেন এ ব্যপারে জেলা ও উপজেলা প্রশাসনের প্রতি অনুরোধ জানান। তিনি ইসলামপুরের কয়েকটি ঝুঁকিপূর্ণ স্থানের কথা উল্লেখ করে পুলিশ প্রশাসন ও মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্তৃপক্ষকে ওইসব এলাকায় চিরুনি অভিযানের আহ্বান জানান।
জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুপ আলী বলেন, সংসদ সদস্যগণের প্রতিটি বক্তব্য ও সুপারিশগুলো যথাযথভাবে বাস্তবায়নের জন্য কাজ করব। তিনি আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নের সমন্বিত উদ্যোগ এবং পরিকল্পিতভাবে কার্যক্রম পরিচালনার উপর গুরুত্বারোপ করেন।
সভা সঞ্চালনা করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্যাট এ কে এম আব্দুল্লাহ বিন রশিদ। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার সোহেল মাহমুদ, জেলা প্রেসক্লাবের সভাপতি এম এ জলিল, প্রেসক্লাব জামালপুরের সভাপতি মুখলেছুর রহমান, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক ও বাংলারচিঠি ডটকমের সম্পাদক জাহাঙ্গীর সেলিম প্রমুখ।
সভায় যানজট নিরসন, অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ, ফুটপাত দখলমুক্ত করা, শহর পরিষ্কার রাখা, সড়ক সংস্কার, আসন্ন ঈদ কেনাকাটায় জনভোগান্তি রোধ করা, অটোরিকশা নিয়ন্ত্রণ করা, ভেজালযুক্ত পণ্যসামগ্রী উৎপাদক ও বিক্রেতারদের বিরুদ্ধে আইনি পদক্ষেপের মাধ্যমে তাদের শাস্তির আওতায় আনাসহ আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়া হয়।
শহীদ








