ঢাকা, বাংলাদেশ   শনিবার ২১ মার্চ ২০২৬, ৭ চৈত্র ১৪৩২

প্রশাসন হতে হবে দুর্নীতিমুক্ত: বিমান ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা

নিজস্ব সংবাদদাতা, সাটুরিয়া, মানিকগঞ্জ

প্রকাশিত: ২০:০৫, ৮ মার্চ ২০২৬

প্রশাসন হতে হবে দুর্নীতিমুক্ত: বিমান ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা বলেছেন, সরকারি কর্মকর্তা-কর্মচারীরা জনগণের সেবক। কোনো সরকারি দপ্তরে যেন সাধারণ মানুষ হয়রানির শিকার না হন, সে বিষয়ে সংশ্লিষ্টদের সতর্ক থাকতে হবে। জনগণের ভোগান্তি সৃষ্টি করে এমন কোনো কাজ করা যাবে না এবং সব সরকারি দপ্তরকে ঘুষ ও দুর্নীতিমুক্ত রাখতে হবে। বর্তমান সরকারের লক্ষ্য দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ে তোলা।

রবিবার (৮ মার্চ) বিকেলের দিকে মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইকবাল হোসেনের সভাপতিত্বে সভাটি অনুষ্ঠিত হয়।

মন্ত্রী বলেন, বিএনপির কোনো নেতাকর্মীর কারণে দলের সুনাম ক্ষুণ্ন হলে কাউকে ছাড় দেওয়া হবে না। বিএনপির কোনো নেতাকর্মী গ্রাম্য সালিস বা বিচার পরিচালনা করতে পারবেন না। দলীয় পরিচয় ব্যবহার করে অহেতুক ওসি, ইউএনওসহ সরকারি কর্মকর্তাদের দপ্তরে বসে থেকে প্রশাসনিক কাজে বিঘ্ন ঘটানোরও সুযোগ নেই। তিনি বলেন, দীর্ঘ ১৭ বছর পর প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বিএনপি একক সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সরকার গঠন করেছে। সাধারণ মানুষ বিএনপির প্রতি আস্থা রেখে ভোট দিয়েছেন। সেই প্রত্যাশা পূরণে প্রধানমন্ত্রী নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। ইতোমধ্যে তিনি মন্ত্রী ও সংসদ সদস্যদের জন্য ১৮০ দিনের কর্মসূচি ঘোষণা করেছেন। এর আওতায় কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড, হেলথ কার্ড চালু করা হচ্ছে। পাশাপাশি মসজিদ ও মন্দিরের ইমাম, মোয়াজ্জেম, খাদেম, পুরোহিত ও পূজারীদের চলতি মাস থেকেই আর্থিক সহায়তা দেওয়া শুরু হবে। এটি প্রাথমিকভাবে একটি পাইলট প্রকল্প হিসেবে চালু করা হয়েছে, যা পর্যায়ক্রমে সম্প্রসারিত হবে।

মন্ত্রী আরও বলেন, সাটুরিয়ার মানুষ তাকে বিপুল ভোটে নির্বাচিত করেছেন এবং কোনো কেন্দ্রেই তাকে দ্বিতীয় করেননি। এজন্য তিনি সাটুরিয়াবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি সাটুরিয়ার উন্নয়নের জন্য একটি সুপরিকল্পিত রোডম্যাপ তৈরির নির্দেশ দেন এবং প্রশাসন ও দলীয় নেতাকর্মীদের তৃণমূল ও ওয়ার্ড পর্যায় থেকে উন্নয়নের চাহিদা তুলে আনার আহ্বান জানান। সেই পরিকল্পনার ভিত্তিতেই সাটুরিয়ার সার্বিক উন্নয়ন বাস্তবায়ন করা হবে বলে তিনি জানান।

সভায় আরও বক্তব্য দেন সাটুরিয়া থানার ওসি মো. নজরুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা তানিয়া তাবাসসুম, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. মামুন উর রশিদ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. খলিলুর রহমান মোল্লা, বিএনপির সভাপতি আব্দুল কুদ্দুস খান মজলিশ মাখন, সাধারণ সম্পাদক আবুল বাশার সরকার ও ইউপি চেয়ারম্যান মো. শফিকুল ইসলাম ধলা প্রমুখ। 

মতবিনিময় সভা শেষে মন্ত্রী ডিভাইন ট্রি ভিত্তিপ্রস্তর স্থাপন ও  বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন এবং সাটুরিয়া উপজেলা জিয়া পরিষদের উদ্যোগে আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে যোগ দেন।

রাজু

×