ছবি: সংগৃহীত।
মাদারীপুরে শ্বশুরের কুপ্রস্তাবে শ্বশুরবাড়িতেই গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। খবর পেয়ে সাথী আক্তার নামে ওই গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত সাথীর স্বজনদের দাবি, শ্বশুরের কুপ্রস্তাবে রাজি না হওয়ায় শ্বাসরোধ করে হত্যার পর লাশ ঝুলিয়ে রাখে শ্বশুরবাড়ির লোকজন। ঘটনার পর পালিয়ে গেছে অভিযুক্তরা। এ ঘটনার বিচার দাবি করেছেন স্বজন ও এলাকাবাসী। আর এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণের কথা জানিয়েছে পুলিশ। রবিবার সকালে সদর উপজেলার পাঁচখোলা ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের উত্তর মহিষেরচর গ্রামে ঘটে এ ঘটনা।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, মৃত্যুর আগে গৃহবধূ সাথী আক্তারকে কুপ্রস্তাব দিচ্ছেন শ্বশুর গোলাম বেপারী। এতে প্রতিবাদ জানান ওই গৃহবধূ। এরপর পরদিন রবিবার (৮ মার্চ) সকালে মিললো সাথীর ঝুলন্ত লাশ।
স্বজনরা জানায়, সদর উপজেলার উত্তর মহিষেরচর গ্রামের গোলাম বেপারীর ছেলে কাইয়ুম বেপারীর সাথে ৭ মাস আগে বিয়ে হয় একই এলাকার ওহিদুল খাঁ’র মেয়ে সাথী আক্তারের। বিয়ের তিনদিনের মাথায় কাইয়ুম জীবিকার তাগিদে প্রবাসে পাড়ি জমায়। এরপর গৃহবধূর ওপর নজর পড়ে শ্বশুরের। দেন মানসিক যন্ত্রণা ও কুপ্রস্তাবও।
স্বজনদের অভিযোগ, শ্বশুরের কুপ্রস্তাবে রাজি না হওয়ায় গৃহবধূকে শ্বাসরোধে হত্যা করে লাশ ঝুলিয়ে রাখে শ্বশুরবাড়ির লোকজন। খবর পেয়ে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর ২৫০ শয্যা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এরই মধ্যে সম্পন্ন হয়েছে নিহতের ময়না তদন্ত।
সদর উপজেলার পাঁচখোলা ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের ইউপি সদস্য রুবেল হাওলাদার বলেন, ‘এই ঘটনার সুষ্ঠু তদন্তপূর্বক দোষীদের বিচার দাবি করছি। প্রশাসনের কাছে অনুরোধ থাকবে, যাতে কোনো নিরীহ মানুষ এই ঘটনায় হয়রানি না হয়।’
স্থানীয় বাসিন্দা নাদিম হাওলাদার বলেন, ‘সাথীর সাথে ঘটে যাওয়া এমন অন্যায়ের যথাযথ শাস্তি দাবি করছি। ভিডিওটি না থাকলে ঘটনা শ্বশুরবাড়ির লোকজন আত্মহত্যা বলে চালিয়ে দিতো। কোন অবস্থাতেই যেন অপরাধীরা আইনের ফাঁকফোকর দিয়ে বের হয়ে যেতে না পারে।’ সাথীর চাচা কালাম খাঁ বলেন, ‘পুত্রবধূর সাথে এমন কর্মকাণ্ড আমরা এলাকার কেউই মেনে নিতে পারছি না। এই ঘটনায় সাথীর শ্বশুরের ফাঁসি চাই।’
মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ফারিহা রফিক ভাবনা জানান, ‘খবর পেয়ে লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। গৃহবধূর মৃত্যুর ঘটনায় অপ্রীতিকর ঘটনা এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ব্যাপারে স্বজনদের অভিযোগের প্রেক্ষিত আইনগত ব্যবস্থা নেয়া হবে।’
এম.কে








