উখিয়া উপজেলার রোহিঙ্গা ক্যাম্প-৪ এ আবারও অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। ৮ মার্চ দুপুর ২ টায় কারিতাস অফিসে আগুনের সূত্রপাত হয়। পরে আর্মড পুলিশ ব্যাটালিয়ন- ১৪, ফায়ার সার্ভিস ও স্থানীয় রোহিঙ্গাদের সহযোগিতায় দুপুর ২টা ৩৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।
কারিতাস কর্তৃপক্ষের প্রাথমিক তথ্য অনুযায়ী, আগুনে অফিসের ভেতরে থাকা প্রায় ৫০ লাখ টাকার মালামাল পুড়ে গেছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প এলাকায় একই ধরনের অগ্নিকান্ড বারবার ঘটায় স্থানীয়দের মধ্যে নানা প্রশ্ন ও সন্দেহ তৈরি হয়েছে। কিছু স্থানীদের দাবি, এত ঘন ঘন আগুন লাগা কি কেবল দুর্ঘটনা নাকি এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে। কেউ কেউ মনে করছেন, বড় ধরনের আগুনের পর বিভিন্ন প্রকল্প ও সহায়তার বাজেট বৃদ্ধি পায়, ফলে বিষয়টি নিয়ে নানা আলোচনা সৃষ্টি হয়।
সচেতন মহলের মতে, ক্যাম্পে বসবাসরত হাজার হাজার মানুষের নিরাপত্তার স্বার্থে আগুনের রহস্য উদঘাটন এবং ভবিষ্যতে এমন ঘটনা ঠেকাতে কার্যকর ব্যবস্থা নেওয়া জরুরি।
রাজু








