ছবি: দৈনিক জনকণ্ঠ।
“আজকের পদক্ষেপ, আগামীর ন্যায়বিচার, সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে মেহেরপুরে আন্তর্জাতিক নারী দিবস ২০২৬ পালিত হয়েছে।
রবিবার (৮ মার্চ) সকালে জেলা প্রশাসন, মহিলা বিষয়ক অধিদপ্তর ও জাতীয় মহিলা সংস্থার আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভার আগে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে একটি র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়।
মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক মোছাঃ নাসিমা খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ড. সৈয়দ এনামুল কবির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায়।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক ড. সৈয়দ এনামুল কবির বলেন, নারীর ক্ষমতায়ন ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয়। সমাজের প্রতিটি ক্ষেত্রে নারী ও কন্যাদের সমান সুযোগ নিশ্চিত করতে সবাইকে একযোগে কাজ করতে হবে। তিনি বলেন, নারী শিক্ষার প্রসার, কর্মসংস্থান সৃষ্টি এবং নারীর নিরাপত্তা নিশ্চিত করা গেলে দেশ আরও দ্রুত এগিয়ে যাবে।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খায়রুল ইসলাম, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সঞ্জীব মৃধা, জেলা তথ্য অফিসার আব্দুল্লাহ আল মামুন, ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক এ. জে. এম. সিরাজুম মুনির, জেলা মহিলা দলের সভাপতি সাইয়েদাতুন নেসা নয়নসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সুধীজন।
এম.কে








