ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩

তাড়াইলে দুই শতাধিক নারী চক্ষু রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান

নিজস্ব সংবাদদাতা, কিশোরগঞ্জ

প্রকাশিত: ১৭:৪৮, ৮ মার্চ ২০২৬

তাড়াইলে দুই শতাধিক নারী চক্ষু রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান

কিশোরগঞ্জের তাড়াইলে দুই শতাধিক নারীকে বিনামূল্যে চক্ষু চিকিৎসাসেবা প্রদান করা হয়েছে। আজ (৮ মার্চ) রবিবার সকাল ৯টা থেকে বেলা ২টা পর্যন্ত ময়মনসিংহের ডাঃ কে. জামান বিএনএসবি চক্ষু হাসপাতাল পরিচালিত ভিশন সেন্টার তাড়াইলের আয়োজনে এবং উপজেলা প্রশাসনের সহযোগিতায় বিশেষজ্ঞ ডাক্তারদের তত্ত্বাবধানে এ ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প পরিচালিত হয়। 

‘আজকের পদক্ষেপ, আগামীর ন্যায়বিচার—নিশ্চিত হোক নারী ও কন্যার অধিকার’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক নারী দিবসে কিশোরগঞ্জের তাড়াইল উপজেলায় নারীদের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে।

আয়োজকরা জানান, উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত ফ্রি ক্যাম্পে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আসা প্রায় ২০০ জন নারী চক্ষু রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়। এর মধ্যে ৪০ জন নারী চক্ষু রোগীকে ছানি অপারেশনের জন্য বাছাই করা হয়। বাছাইকৃত ছানি রোগীদের ময়মনসিংহের ডা. কে. জামান বিএনএসবি চক্ষু হাসপাতালে বিনামূল্যে অপারেশন করা হবে। পাশাপাশি তাদের প্রয়োজনীয় ওষুধ ও চশমা বিতরণ এবং তাদের যাওয়া-আসাসহ থাকা-খাওয়া বিনামূল্যে প্রদান করা হবে।

তাড়াইল উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিলা আখতার নারীদের জন্য এ ধরনের বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা প্রদান করায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান। এ সময় তিনি বলেন, এ ধরনের উদ্যোগ সাধারণ মানুষের জন্য অত্যন্ত উপকারী এবং ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন।

রাজু

×