ঢাকা, বাংলাদেশ   রোববার ১৫ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩২

অন্যায় করলে সরকার কাউকে ছাড় দেবে না: পরিবেশমন্ত্রী

নিজস্ব সংবাদদাতা, ফেনী

প্রকাশিত: ১৬:৪৫, ৮ মার্চ ২০২৬

অন্যায় করলে সরকার কাউকে ছাড় দেবে না: পরিবেশমন্ত্রী

ছবি: দৈনিক জনকণ্ঠ।

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু বলেছেন, মাদক সমাজের প্রধান সমস্যা। মাদকাসক্ত ও মাদক কারবারিদের অভিযান চালিয়ে ধরতে হবে। কিশোর গ্যাং প্রশ্নেও সরকার জিরো টলারেন্স নীতিতে রয়েছে। এরসঙ্গে যারা জড়িত তাদেরও আইনের আওতায় আনতে হবে। এছাড়া শহরের ফুটপাতে হকাররা চাঁদা ছাড়া বসে না, আগে চাঁদাবাজদের ধরতে হবে। অপরাধ দমনে সরকার ২-৩ মাসের মধ্যেই অপারেশন ক্লিনহার্ট এর মতো একটি অভিযান চালাবে। প্রকৃতপক্ষে যারা অন্যায় করছে তাদের আইনের আওতায় আনা হবে। সরকার এই ক্ষেত্রে কাউকে ছাড় দেবে না।

তিনি রবিবার (৮ মার্চ) দুপুরে ফেনী জেলা প্রশাসক সম্মেলন কক্ষে জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় বক্তব্যে এসব কথা বলেন। জেলা প্রশাসক মনিরা হকের সভাপতিত্বে ও সহকারী কমিশনার চয়ন বড়ুয়ার সঞ্চালনায় সভায় পুলিশ সুপার মো: শফিকুল ইসলাম, সিভিল সার্জন ডা. রুবাইয়াত বিন করিম, মহিপাল আর্মি ক্যাম্পের মেজর সাকলাইন, ৪ বিজিবি অধিনায়ক লে. কর্ণেল এমএম জিল্লুর রহমান, এনএসআই যুগ্ম-পরিচালক মো. হারুন মিঞা, আনসার কমান্ড্যান্ট মো. হেলাল উদ্দিন, মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরীন আক্তার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আবদুল হামিদ, পিপি মেজবাহ উদ্দিন খান, জেলা বিএনপির যুগ্ম-আহবায়ক গাজী হাবিব উল্লাহ মানিক প্রমুখ বক্তব্য রাখেন।

সভায় জেলা প্রশাসক মনিরা হক রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে বাজার মনিটরিং জোরদার ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা, জ্বালানি তেল অবৈধ মজুতদারি নিয়ন্ত্রণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণসহ জেলার আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণের বিভিন্ন পদক্ষেপ তুলে ধরেন।

এর আগে পরিবেশ, বন ও জলবায়ু মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু সকালে সার্কিট হাউজে আসলে তাকে জেলা প্রশাসক ও পুলিশ সুপার অভ্যর্থনা জানান। এসময়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, পরিবেশ উন্নয়ন ও বনায়নে সরকার ব্যাপক পদক্ষেপ গ্রহণ করেছে। তিনি বলেন, দূষণের ফলে আমাদের দেশে মানুষের গড় আয়ু ২-৩ বছর কমে যাচ্ছে। সরকার যাবতীয় দূষণ রোধে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করছে। ১৮০ দিনের একটি বিশেষ পরিকল্পনা নেয়া হচ্ছে।

এম.কে

×