ছবি: দৈনিক জনকণ্ঠ।
বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সিনিয়র সদস্য, বীর মুক্তিযোদ্ধা, কুমিল্লা-১ (দাউদকান্দি ও মেঘনা) আসনের নবনির্বাচিত এমপি ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের গতিশীল নেতৃত্বে আগামী ৫ বছরে বাংলাদেশ বহুদূর এগিয়ে যাবে।
রবিবার (৮ ফেব্রুয়ারি) দুপুরে কুমিল্লার মেঘনা উপজেলা পরিষদ মিলনায়তনে সরকারি কর্মকর্তাদের সাথে মতবিনিময়কালে প্রধান অতিথির বক্তব্যে এইসব কথা বলেন।
সভার শুরুতে মেঘনা উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মৌসুমী আক্তার সরকারি কর্মকর্তাদের নিয়ে নবনির্বাচিত এমপি ড. খন্দকার মোশাররফ হোসেনকে বিপুলভাবে ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা জানান।
ড. মোশাররফ বলেন, এই লক্ষ্য অর্জনে সরকারের গৃহীত উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নে সরকারি কর্মকর্তাদের আন্তরিকতা ও অগ্রণী ভূমিকা খুবই অপরিহার্য। দেশের সার্বিক অবস্থা বিবেচনায় সরকার গঠনের পর গত ২১ দিনে প্রধানমন্ত্রী তারেক রহমান ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, ই-হেলথ কার্ড, ট্রাফিক সিগন্যাল মেনে চলা, বিদ্যুৎ সাশ্রয়, সচিবালয়ে মন্ত্রীসভার বৈঠক, সরকারি গাড়ি ও জ্বালানি ব্যবহার না করা, মাননীয় সন্বোধনে আপত্তি, সংসদ সদস্যদের শুল্কমুক্ত গাড়ি ও সরকারি প্লট না নেওয়া প্রভৃতি জনহিতকর সিদ্ধান্ত গ্রহণ করে দেশের জনগণের প্রশংসা কুড়িয়েছেন। তিনি (তারেক রহমান) দোষারোপের রাজনীতি থেকে বেরিয়ে মননশীল ও আধুনিক পরিকল্পনায় উন্নত স্থিতিশীল বাংলাদেশ গড়ে তুলতে সক্ষম হবেন।
ড. মোশাররফ হোসেন হুঁশিয়ারি উচ্চারণ করে সরকারি কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন, আপনারা জনগণের সেবক। সেবার মানসিকতা নিয়ে প্রতিটি সরকারি দায়িত্ব সঠিকভাবে সম্পন্ন করতে হবে। আইন-শৃঙ্খলা রক্ষা এবং উন্নয়ন কার্যক্রমে আপনাদের কোনপ্রকার স্বেচ্ছাচারিতা, গাফিলতি কিংবা দুর্নীতি কিছুতেই বরদাশত করা হবে না। সন্ত্রাস, মাদক ও চাঁদাবাজি দমনে আপনাদের কঠোর ভূমিকায় অবতীর্ণ হতে হবে। অপরাধ দমনে সরকারের নীতিগত অবস্থান জিরো টলারেন্স। অপরাধীর কোন ছাড় নেই। সে যেই হোক তার বিরুদ্ধে শাস্তিমূলক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে।
ড. মোশাররফ বলেন, জনগণের অধিকার, গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠা, দুর্নীতি দমন, প্রশাসনের সর্বস্তরে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে হবে। আর এই জন্য সরকারি কর্মকর্তাদের সময়োপযোগী পদক্ষেপ নেওয়া অতীব গুরুত্বপূর্ণ।
তিনি বলেন, সকলের ত্যাগ ও পরিশ্রমে আগামী ৫ বছরে ব্যাপক উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়নের মাধ্যমে দেশ ও জনগণের স্বপ্ন পূরণ হবে। একটি উন্নত ও সমৃদ্ধ রাষ্ট্র হিসাবে বাংলাদেশ বিশ্বদরবারে মাথা উঁচু করে দাঁড়াবে, ইনশাল্লাহ।
মেঘনা উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌসুমী আক্তারের সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সুপ্রীম কোর্টের এডভোকেট ড. খন্দকার মারুফ হোসেন। সভায় মেঘনা উপজেলা প্রশাসনের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
এম.কে








