ছবি: দৈনিক জনকণ্ঠ।
‘আজকের পদক্ষেপ, আগামীর ন্যায়বিচার—সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে রংপুরের কাউনিয়ায় আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে রবিবার (৮ মার্চ) সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ আয়োজনে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা পাপিয়া সুলতানা।
অনুষ্ঠানে বক্তারা বলেন, টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা অর্জনে নারী ও কন্যাশিশুর অধিকার নিশ্চিত করা অপরিহার্য। তারা নারী ও কন্যাশিশুর সুরক্ষা, শিক্ষা এবং কর্মক্ষেত্রে সমঅধিকার প্রতিষ্ঠায় সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান। এছাড়া সমাজ থেকে বৈষম্য দূর করে নারীর মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিতকরণে সচেতনতা সৃষ্টির ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।
আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অংকন পাল, উপজেলা কৃষি কর্মকর্তা তানিয়া আক্তার, পল্লী উন্নয়ন কর্মকর্তা আফসানা জাহান এবং মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ তাহের আলীসহ বিভিন্ন দপ্তরের প্রতিনিধি এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, বিভিন্ন এনজিও প্রতিনিধি ও স্থানীয় নারীরা অংশগ্রহণ করেন।
এম.কে








