ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ জুন ২০২৬, ১৭ আষাঢ় ১৪৩৩

পীরগঞ্জ টিটিসির উদ্যোগে দ্বিতীয় ধাপে চাকরি মেলার উদ্বোধন

তানভীর আহমাদ, পীরগঞ্জ, রংপুর

প্রকাশিত: ১৪:৩৭, ৮ মার্চ ২০২৬

পীরগঞ্জ টিটিসির উদ্যোগে দ্বিতীয় ধাপে চাকরি মেলার উদ্বোধন

ছবি: দৈনিক জনকণ্ঠ।

রংপুরের পীরগঞ্জ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি)-এর উদ্যোগে দ্বিতীয় ধাপে একটি চাকরি মেলার উদ্বোধন করা হয়েছে। প্রশিক্ষণপ্রাপ্ত তরুণ-তরুণীদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং কারিগরি দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে এ মেলার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পীরগঞ্জ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ মোহাম্মদ জিয়া উদ্দিন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর-৬ আসনের সংসদ সদস্য মাওলানা নুরুল আমিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী আন্দোলনের শহীদ আবু সাঈদের পিতা মকবুল হোসেন এবং প্রাণ-আরএফএল গ্রুপের ডেপুটি ম্যানেজার নিখিল চন্দ্র রায়।

বক্তারা বলেন, দক্ষ মানবসম্পদ গড়ে তোলার মাধ্যমে কর্মসংস্থানের পথ সুগম করতে টিটিসির মতো কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। চাকরি মেলার মাধ্যমে প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষার্থীরা সরাসরি নিয়োগদাতা প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগের সুযোগ পাচ্ছে, যা তাদের বাস্তব কর্মজীবনে প্রবেশে সহায়ক হবে।

মেলায় বিভিন্ন স্থানীয় ও জাতীয় প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেন। পাশাপাশি টিটিসিতে প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষার্থী এবং কর্মসংস্থানের সুযোগ সন্ধানী অসংখ্য তরুণ-তরুণী মেলায় অংশগ্রহণ করেন।

এ সময় পীরগঞ্জের বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরাও উপস্থিত ছিলেন। বক্তারা আরও বলেন, প্রযুক্তিগত দক্ষতা বৃদ্ধি এবং আত্মনির্ভরশীল যুবসমাজ গঠনে এ ধরনের চাকরি মেলার আয়োজন ভবিষ্যতেও অব্যাহত রাখা প্রয়োজন।

এম.কে

×