ছবি: দৈনিক জনকণ্ঠ।
৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে গাইবান্ধায় সমাবেশ ও র্যালি অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৮ মার্চ) দুপুরে ১ নম্বর রেলগেটে বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্র গাইবান্ধা জেলার উদ্যোগে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সংগঠনের জেলা সভাপতি সুভাসিনী দেবীর সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিলুফার ইয়াসমিন শিল্পী, স্কুলশিক্ষিকা নিশাত পারভীন বর্না, মাসুদা আক্তার, কলি রানী, আশরাফি আশা প্রমুখ।
বক্তারা জানান, নারী দিবস উদযাপন হচ্ছে কিন্তু নারী আজও তার মর্যাদা-সমঅধিকার প্রতিষ্ঠা করতে পারেনি। তাই নারী দিবসের চেতনাকে ধারন করে নারীর সমঅধিকার ও মর্যাদা এবং বৈষম্যহীন সমাজ নির্মাণে সমাজতান্ত্রিক তথা সাম্যবাদী চেতনায় এগিয়ে নিতে আহবান জানান বক্তারা। শেষে একটি র্যালি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
উল্লেখ্য, ১৮৫৭ সালের ৮ মার্চ নিউইয়র্কের সুতা কারখানায় নারী আন্দোলনের সূচনা হয়। প্রেক্ষাপট ছিল মজুরি বৈষম্য, কর্মঘণ্টা, অমানবিক-অস্বাস্থ্যকর পরিবেশ, নির্যাতনের প্রতিবাদ এবং ভোটাধিকারের দাবি।
সেদিন এক মিছিলে পুলিশি হামলায় আহত, নিহত ও গ্রেফতার হন অসংখ্য নারী শ্রমিক। এই আন্দোলনের ঢেউ ছড়িয়ে পড়ে দেশে দেশে। পরবর্তীতে, ১৯১০ সালের ডেনমার্কে কোপেনহেগেনে দ্বিতীয় আন্তর্জাতিক সম্মেলনে সমাজতান্ত্রিক নারী নেত্রী ক্লারা জেৎকিন ৮ মার্চ নারী দিবস ঘোষণার প্রস্তাব করেন এবং তা গৃহীত হয়।
এম.কে








