ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৩ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২

যশোরে কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে নারী আটক

বিচারের দাবিতে ভুক্তভোগীদের থানায় বিক্ষোভ

স্টাফ রিপোর্টার, যশোর 

প্রকাশিত: ২১:২১, ৭ মার্চ ২০২৬

যশোরে কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে নারী আটক

ইন্স্যুরেন্স, চাকুরি, ব্যবসা এমনকি মোটা অংকের লোন পাইয়ে দেওয়ার কথা বলে প্রতারণা করে প্রায় কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে মাহমুদা নামে এক নারীকে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছে বিক্ষুদ্ধ জনতা। 

শনিবার দুপুরে শহরের বড়বাজারের এইচ.এম.এম রোড এলাকা থেকে তাকে আটক করা হয়। চিহ্নিত প্রতারক হিসেবে পরিচিত মাহমুদা আটকের খবর জানার পরে কোতয়ালী থানায় ভিড় করেন প্রতারণার শিকার ভুক্তভোগীরা। এসময় তারা বিচারের দাবি জানিয়ে বিক্ষোভ করেন। তিনি যশোরের আলোচিত মহুয়া ক্লিনিকের মালিক খলিলের স্ত্রী।

ভুক্তভোগীরা জানান, মাহমুদা দীর্ঘদিন ধরে বিভিন্ন কৌশলে মানুষের কাছ থেকে অর্থ হাতিয়ে নিচ্ছিলেন। বিশেষ করে ইন্স্যুরেন্সের নামে টাকা নেওয়া, চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া, মোটা অংকের লোন দেওয়াসহ নানা সুবিধা পাইয়ে দেওয়ার কথা বলে সাধারণ মানুষের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ সংগ্রহ করেছেন বলে অভিযোগ রয়েছে।

শনিবার কয়েকজন ভুক্তভোগী তাকে যশোর শহরে দেখতে পেয়ে আটক করেন। পরে অন্যদের খবর দিলে তারাও ঘটনাস্থলে এসে জড়ো হন। এ সময় মাহমুদার ছেলে মাহিন ঘটনাস্থলে উপস্থিত হলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। ভুক্তভোগীদের ক্ষোভের মুখে পড়েন তারা। এ সময় কয়েকজন তাকে মারধরও করেন।

ভুক্তভোগীরা জানান, মাহমুদা এলাকায় ‘মামলাবাজ’ হিসেবেও পরিচিত। অভিযোগ রয়েছে, আওয়ামী লীগ সরকারের আমলে তিনি সাধারণ মানুষের কাছ থেকে টাকা হাতিয়ে নিয়ে উল্টো তাদের বিরুদ্ধেই মামলা করে হয়রানি করতেন।

যশোর কোতয়ালী মডেল থানার ওসি ফারুক আহম্মেদ বলেন, ‘প্রতারণার শিকার হওয়া ভুক্তভোগীরা মাহমুদাকে আটক করে পুলিশে দেয়। অনেক ভুক্তভোগীরা থানায় ভিড় করছে। ভুক্তভোগীরা মামলা দিলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নোভা

×