জেলার দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গায় লাইফ কেয়ার জেনারেল হাসপাতালে অভিযান চালিয়ে ২ লাখ টাকা জরিমানাসহ হাসপাতালটির অপারেশন থিয়েটার সিলগালা করেছে ভ্রাম্যমাণ আদালত।
শনিবার দুপুরে উপজেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগ যৌথ অভিযানে এ জরিমানা এবং সিলগালা করা হয়।
অভিযানে সূত্রে জানা গেছে, ওই হাসপাতালের চিকিৎসক পরিচয়দানকারী দম্পতি মামুন অর রশিদ শাওন ও স্নিগ্ধা খাতুন চিকিৎসক না হয়েও নিজেদের নামের আগে ডাক্তার পদবি ব্যবহার করে রোগী দেখতেন এবং প্রেসক্রিপশন প্যাড ব্যবহার করতেন। এমন অভিযোগের ভিত্তিতে লাইফ কেয়ার জেনারেল হাসপাতালে অভিযান চালানো হয়। অভিযানচলাকারী সময়ে কৌশলে দম্পতি পালিয়ে যান।
অভিযানে প্রতিষ্ঠানের অপারেশন থিয়েটারে প্রয়োজনীয় ও মানসম্মত যন্ত্রপাতি নেই। এমনকি মোটরসাইকেলের ফগ লাইট অপারেশন থিয়েটারের লাইট হিসেবে ব্যবহার করা হচ্ছিল। এছাড়াও ফ্রিজে খাবার ও ওষুধ সংরক্ষণ করা হচ্ছিল।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী দামুড়হুদা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহীন আলম জানান, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে লাইফ কেয়ার জেনারেল হাসপাতালে অভিযান চালানো হয়। বিভিন্ন অনিয়মের অভিযোগ প্রমাণিত হওয়ায় ভ্রাম্যমাণ আদালত প্রতিষ্ঠানটিকে ২ লাখ টাকা জরিমানা করা হয় এবং অপারেশন থিয়েটার সিলগালা করে ক্লিনিকের কার্যক্রম বন্ধের নির্দেশ দেয়া হয়। অভিযানকালে হাসপাতালটির পরিচালক পরিচয় দেওয়া মামুন অর রশিদ শাওন ও স্নিগ্ধা দম্পতি পালিয়ে যান।
অভিযানে অংশ নেয়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মশিউর রহমান জানান, চিকিৎসক পরিচয়দানকারী দম্পতি পালিয়ে যাওয়ায় তাদের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।
রাজু








