ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩

আড়াইহাজারে চাঁদা না দেওয়ায় প্রধান শিক্ষকের ওপর হামলার অভিযোগ

মোঃ শরীফ ভূইয়া, আড়াইহাজার (নারায়ণগঞ্জ)

প্রকাশিত: ১৭:২৯, ৭ মার্চ ২০২৬

আড়াইহাজারে চাঁদা না দেওয়ায় প্রধান শিক্ষকের ওপর হামলার অভিযোগ

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় চাঁদা না দেওয়াকে কেন্দ্র করে এক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের ওপর হামলার অভিযোগ উঠেছে। শুক্রবার (৬ মার্চ) রাতে উপজেলার কালাপাহাড়িয়া ইউনিয়নের ঝাউকান্দি এলাকায় এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী শিক্ষক মো. কামাল হোসেন সরকার উপজেলার ৭৭ নম্বর ঝাউকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন। অভিযোগ রয়েছে, ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে স্থানীয় কয়েকজন ব্যক্তি তার কাছে ২ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিলেন। অভিযুক্তদের মধ্যে সাইফুল, সাদ্দাম, দেলোয়ার, মিজান ও সুজনসহ কয়েকজনের নাম উল্লেখ করা হয়েছে।

প্রধান শিক্ষক কামাল হোসেন সরকারের অভিযোগ, বিদ্যালয়ে চাকরি করতে হলে তাদেরকে চাঁদা দিতে হবে বলে চাপ দেওয়া হয়। কিন্তু তিনি চাঁদা দিতে অস্বীকৃতি জানালে বিভিন্ন সময় তাকে হুমকি দেওয়া হয়। পরিস্থিতি এড়িয়ে চলতে তিনি পরে অন্য একটি বিদ্যালয়ে বদলি হয়ে চলে যান।

তবে অভিযোগ রয়েছে, এরপরও অভিযুক্তরা তাকে হত্যার হুমকি দিতে থাকে। এরই ধারাবাহিকতায় শুক্রবার রাতে একটি বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে ঝাউকান্দি এলাকার মোতালেব মিয়ার বাড়ির সামনে তার ওপর হামলা চালানো হয়।

অভিযোগ অনুযায়ী, সাইফুলের নেতৃত্বে কয়েকজন লোহার পাইপ ও ধারালো অস্ত্র নিয়ে তার ওপর এলোপাতাড়ি হামলা করে। এতে তার বাম পা, বাম হাত, ডান হাত ও পিঠে গুরুতর আঘাত লাগে।

এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। তবে এ বিষয়ে থানায় লিখিত অভিযোগ করা হয়েছে কি না, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
এ বিষয়ে আড়াইহাজার থানার ওসি (তদন্ত) রিপন কুমার বলেন, অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

রাজু

×