ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩

ভাঙা আ.লীগ অফিসে বেজে উঠল ৭ মার্চের ভাষণ

মোঃ রিজভী আহম্মেদ রিজোয়ান, নওগাঁ

প্রকাশিত: ১৭:০৭, ৭ মার্চ ২০২৬; আপডেট: ১৭:১০, ৭ মার্চ ২০২৬

ভাঙা আ.লীগ অফিসে বেজে উঠল ৭ মার্চের ভাষণ

ছবি: সংগৃহীত।

নওগাঁয় কার্যক্রম নিষিদ্ধ জেলা আওয়ামী লীগের ভাঙা দলীয় কার্যালয়ে বঙ্গবন্ধুর ৭ই মার্চের ঐতিহাসিক ভাষণ প্রচার হয়েছে। ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের পর এই প্রথম পরিত্যক্ত ওই পার্টি অফিসে হঠাৎ করে প্রচার হয়েছে বঙ্গবন্ধুর সেই ৭ই মার্চের ঐতিহাসিক ভাষণ।

শনিবার (৭ মার্চ) সকালে জেলা আওয়ামী লীগের সাবেক বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক শফিকুর রহমান মামুনের সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাষণের একটি ভিডিও আপলোড করা হয়। 

৩১ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, ৫ আগস্ট পরবর্তী কার্যক্রম নিষিদ্ধ নওগাঁ জেলা আওয়ামী লীগের ভাঙা দলীয় কার্যালয়ের তৃতীয় তলায় ছোট্র একটি মাইকে প্রচার হচ্ছে বঙ্গবন্ধুর ৭ই মার্চের ঐতিহাসিক ভাষণ। সেখানে মাইকটি কার নেতৃত্বে কখন লাগানো হয়েছে এই বিষয়ে কিছু জানা যায়নি। এবং দলের কোনো নেতাকর্মীকে সেখানে দেখা যায়নি। তবে জেলার বিভিন্ন নেতাকর্মীরা দলীয় কার্যালয়ে লাগানো মাইকের ভাষণটি তাদের স্ব স্ব ফেসবুক আইডিতে প্রচার করে জানান দিচ্ছে।

জানতে চাইলে সত্যতা নিশ্চিত করে সদর থানার অফিসার ইনচার্জ মো: নিয়ামুল হক মুঠোফোনে বলেন, আমরা শুনছি। এবং জনগণ মাইকটি খুলে নিয়ে চলে গেছে বলে জানতে পেরেছি।

এম.কে

×