ছবি: দৈনিক জনকণ্ঠ।
নেত্রকোনার বারহাট্টায় বাজারে আগুনে পুড়ে ৮টি দোকান ভস্মীভূত হয়েছে। এতে প্রায় ১৬ লাখ টাকার মতো ক্ষতি হওয়ার বিষয়টি জানিয়েছেন ফায়ার সার্ভিস ও ভুক্তভোগী দোকানিরা। শুক্রবার (৬ মার্চ) দিবাগত মধ্য রাতে উপজেলার আসমা ইউনিয়নের হাজীগঞ্জ বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্ত দোকান মালিকগণ হলেন- রুহুল আমিন হোমিও ফার্মেসি, পল্লী চিকিৎসক দুলাল মিয়া ফার্মেসি, সড়ল মিয়া ভ্যাটেনারি ফার্মেসি, শাহ আলম মুদি দোকান, শ্যামল রবি দাস সেলুন, সাগর রবি দাস সেলুন ও বিপ্লব তালুকদার মিষ্টির দোকান।
বারহাট্টা ফায়ার সার্ভিস স্টেশনের দায়িত্বরত কর্মকর্তা উত্তর কুমার সরকার জানান, শুক্রবার মধ্য রাতে উপজেলার হাজীগঞ্জ বাজারে আগুন লাগার খবর পেয়ে ত্রুত ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের টিম যায়। স্থানীয়দের সাথে নিয়ে ২ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এই অগ্নিকাণ্ডের ঘটনায় মুদি দোকান, ঔষধের ফার্মেসি, সেলুন পুড়েছে। অগ্নিকাণ্ডে সূত্রপাত জানা যায়নি।
বারহাট্রা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. জিনিয়া জামান জানান, হাজীগঞ্জ বাজারে অগ্নিকাণ্ডে কয়েকটি দোকান পুড়ে গেছে। ক্ষতিগ্রস্তরা আবেদন করলে যাচাই বাছাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
এম.কে








