ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩

মেহেরপুরে ধানক্ষেত থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

তৌহিদুল ইসলাম তুহিন, মেহেরপুর

প্রকাশিত: ১৫:৪৯, ৬ মার্চ ২০২৬

মেহেরপুরে ধানক্ষেত থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

ছবি: দৈনিক জনকণ্ঠ।

মেহেরপুরের মুজিবনগর উপজেলার দারিয়াপুর গ্রামের সীমান্তসংলগ্ন মাঠ থেকে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত ব্যক্তির বয়স আনুমানিক ৪৫ বছর বলে ধারণা করা হচ্ছে।

শুক্রবার (৬ মার্চ) সকাল প্রায় ১১টার দিকে উপজেলার দারিয়াপুর গ্রামের নাওগাড়া মাঠে ভনা কামড়ির ধানক্ষেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়। এ সময় মরদেহের পাশ থেকে মাদকসদৃশ কিছু বস্তু, কয়েকটি মোবাইল নম্বর লেখা কাগজ এবং কিছু ওষুধ উদ্ধার করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে দারিয়াপুর গ্রামের সীমান্তসংলগ্ন নাওগাড়া মাঠে কাজ করতে গিয়ে কৃষকেরা ধানক্ষেতে একটি মরদেহ পড়ে থাকতে দেখেন। পরে তারা বিষয়টি ৯৯৯ নম্বরে ফোন করে পুলিশকে অবগত করেন। খবর পেয়ে মুজিবনগর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
প্রত্যক্ষদর্শী কৃষকেরা জানান, ধানক্ষেতের প্রায় হাঁটুসমান পানির মধ্যে মধ্যবয়সী এক ব্যক্তির মরদেহ পড়ে থাকতে দেখা যায়। তার পাশেই মাছ ধরার একটি বৃত্তির ওপর কয়েকটি কাগজ সাজিয়ে রাখা ছিল। কাগজগুলোর ওপর মাদকসদৃশ বস্তু, কয়েকটি মোবাইল নম্বর এবং কিছু বড়ি (ওষুধ) রাখা ছিল।

ধানক্ষেতের নির্জন স্থানে মরদেহ পড়ে থাকা এবং তার পাশে মাদকসদৃশ বস্তু ও মোবাইল নম্বর লেখা কাগজ সাজিয়ে রাখার বিষয়টি স্থানীয়দের মধ্যে নানা প্রশ্ন ও আলোচনার জন্ম দিয়েছে। অনেকেই এটিকে রহস্যজনক ঘটনা বলে মনে করছেন।

মুজিবনগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করেছে। নিহত ব্যক্তির পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। মরদেহটি ময়নাতদন্তের জন্য মেহেরপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

এম.কে

×