ছবি: জনকণ্ঠ
বাংলার প্রকৃতিতে বসন্ত মানেই নতুন প্রাণের জাগরণ, রঙের উচ্ছ্বাস আর ফুলের সমারোহ। এই ঋতুর অন্যতম আকর্ষণ হলো রক্তিম শিমুল ফুল। আকাশ ছোঁয়া ডালে ডালে যখন লাল ফুল ফুটে ওঠে, তখন দূর থেকেই মনে হয় যেন গাছজুড়ে আগুনের শিখা জ্বলছে। প্রকৃতির সেই অপার সৌন্দর্যের নামই শিমুল।
শীতের শেষে যখন গাছের পাতা ঝরে পড়ে, তখন প্রায় নিরাবরণ শিমুল গাছ হঠাৎ করেই লাল ফুলে ভরে ওঠে। বড় আকারের পাঁচ পাপড়ির এই ফুলগুলো ডালের আগায় ফুটে থাকে, যা দূর থেকেই নজর কাড়ে। গ্রামবাংলার মাঠ, নদীর তীর কিংবা রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা শিমুল গাছ তখন প্রকৃতিকে দেয় এক অনন্য রূপ।
বসন্তের শুরুতেই শিমুল ফুল ফোটে। এই ফুলের উজ্জ্বল লাল রঙ শুধু মানুষের মনই কাড়ে না, আকর্ষণ করে নানা পাখি ও পোকামাকড়কেও। মৌমাছি, প্রজাপতি কিংবা বিভিন্ন পাখি ফুলের মধু সংগ্রহ করতে এসে গাছের চারপাশকে প্রাণবন্ত করে তোলে। ফলে শিমুল গাছ প্রকৃতির জীববৈচিত্র্যের সঙ্গেও গভীরভাবে জড়িত।
মুকসুদপুর উপজেলা উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মোঃ রুহুল কুদ্দুস আহম্মেদ বলেন, শিমুল গাছ শুধু সৌন্দর্যের জন্যই পরিচিত নয়, এর রয়েছে অর্থনৈতিক ও ব্যবহারিক গুরুত্বও। ফুল ঝরে যাওয়ার পর গাছে যে ফল ধরে, তার ভেতরে থাকে তুলার মতো নরম আঁশ, যা "শিমুল তুলা" নামে পরিচিত। একসময় এই তুলা দিয়ে বালিশ, তোশক ও গদি তৈরি করা হতো। গ্রামীণ জীবনে তাই শিমুল গাছ ছিল খুবই উপকারী।
বাংলা সাহিত্য ও সংস্কৃতিতেও শিমুল ফুলের বিশেষ স্থান রয়েছে। কবি ও সাহিত্যিকরা বসন্তের রূপ বর্ণনায় প্রায়ই শিমুলের রক্তিম সৌন্দর্যের কথা উল্লেখ করেছেন। শিমুল ফুল অনেক সময় ভালোবাসা, আবেগ এবং নবজাগরণের প্রতীক হিসেবেও ধরা হয়।
আজও যখন বসন্তের সকালে কোথাও উঁচু ডালে ফুটে থাকা লাল শিমুল ফুল চোখে পড়ে, তখন মনে হয় প্রকৃতি যেন তার আপন রঙে নতুন করে সাজিয়েছে চারপাশ। সেই রক্তিম সৌন্দর্যই বারবার মনে করিয়ে দেয়, বসন্ত এসেছে।
শহীদ








