ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৮ মার্চ ২০২৬, ৪ চৈত্র ১৪৩২

রায়গঞ্জে পাকা রাস্তার দুই পাশে ধস: ভোগান্তিতে হাজারো মানুষ

নিজস্ব সংবাদদাতা, রায়গঞ্জ, সিরাজগঞ্জ

প্রকাশিত: ১৫:১১, ৫ মার্চ ২০২৬

রায়গঞ্জে পাকা রাস্তার দুই পাশে ধস: ভোগান্তিতে হাজারো মানুষ

ছবি: দৈনিক জনকণ্ঠ।

সিরাজগঞ্জের রায়গঞ্জের চকনুর-গ্রাম পাঙ্গাসী বাজার সড়কের প্রায় ১ কিলোমিটার রাস্তা চলাচল অযোগ্য হয়ে পড়েছে। অতিবৃষ্টি ও সড়কের গাইড ওয়াল না থাকায় বিভিন্ন স্থানে দুই পাশের মাটি সরে গিয়ে বিশাল গর্তের সৃষ্টি হয়েছে। রাস্তার দুই পাশ ধসে যাওয়ায় বর্তমানে ওই রুটে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ হওয়ার আশংকা দেখা দিয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন স্থানীয় কয়েক হাজার মানুষ এবং পণ্যবাহী যানবাহনের চালকেরা।

বৃহস্পতিবার (৫ মার্চ) সকালে সরেজমিনে দেখা গেছে, সড়কের প্রায় এক কিলোমিটার রাস্তার মধ্যে অর্ধকিলোমিটার এলাকা জুড়ে পিচঢালা পথের দুই পাশের মাটি পুরোপুরি বিলীন হয়ে গেছে। কোনো কোনো জায়গায় রাস্তার মাঝ বরাবর ফাটল দেখা দিয়েছে। বড় গর্ত সৃষ্টি হওয়ায় রিকশা বা মোটরসাইকেলের মতো ছোট যানবাহনও চলাচল করতে সমস্যার সৃষ্টি হচ্ছে। বৃষ্টিতে রাস্তার নিচের বালু ও মাটি সরে যাওয়ায় এই ধস নেমেছে। যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে কৃষি পণ্য বহনকরা।

চকনুর (দক্ষিণ পাড়া) গ্রামের বয়োবৃদ্ধ মোঃ ফজর আলী বলেন, স্থানীয় কৃষকেরা তাদের উৎপাদিত ফসল বাজারে নিতে সমস্যা হচ্ছে, যার ফলে আর্থিক লোকসানের আশঙ্কা দেখা দিয়েছে। শুধু তাই নয়, মাঠের ফসল বাড়িতে আনতেও সমস্যা হচ্ছে। একই গ্রামের আশরাফ আলী বলেন, গত তিন বছর পূর্বে রাস্তার কাজ করা হয়। কাজের গুণগতমান ভাল ছিলো না। "রাস্তাটি ভেঙে যাওয়ায় আমরা এখন পুরোপুরি সমস্যায় পড়ে গেছি।

এ বিষয়ে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের রায়গঞ্জে উপজেলা প্রকৌশলী মোঃ রবিউল আলম এর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, রাস্তাটি ধসে যাওয়ার বিষয়টি আমরা অবগত হয়েছি। পূর্ণাঙ্গ সংস্কারের জন্য একটি প্রকল্প প্রস্তাব সদর দপ্তরে পাঠানো হবে।

স্থানীয় এলাকাবাসী দ্রুত এই সড়কটি মেরামতের দাবি জানিয়েছেন। তাদের মতে, এখনই ব্যবস্থা না নিলে আগামী বর্ষায় পুরো রাস্তাটিই পাশের জমিতে বিলীন হয়ে যেতে পারে।

এম.কে

×