ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৩ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২

গোবিন্দগঞ্জে পুলিশের পোশাক পরে নগদ টাকা, ফোন ও ইজিবাইক ছিনতাই করেছে দুর্বৃত্তরা

নিজস্ব সংবাদদাতা, গোবিন্দগঞ্জ, গাইবান্ধা

প্রকাশিত: ১৭:৪০, ৪ মার্চ ২০২৬; আপডেট: ১৭:৪০, ৪ মার্চ ২০২৬

গোবিন্দগঞ্জে পুলিশের পোশাক পরে নগদ টাকা, ফোন ও ইজিবাইক ছিনতাই করেছে দুর্বৃত্তরা

গোবিন্দগঞ্জ থানাভবন এর ফাইল ছবি

গাইবান্ধার গোবিন্দগঞ্জে পুলিশের পোশাক পরিহিত পাঁচজনের একদল দুর্বৃত্ত ইজি বাইকের চালককে মারধর করে টাকা, স্মার্টফোন ও ব্যাটারিচালিত একটি ইজিবাইক ছিনতাই করেছে বলে থানায় অভিযোগ হয়েছে। গতকাল বুধবার (৪ মার্চ) দুপুরে ভুক্তভোগি ইজিবাইক চালক গোলাম হোসেন অজ্ঞাত পরিচয়ে পাঁচজন দুর্বৃত্তকে আসামি করে গোবিন্দগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেন।

গত মঙ্গলবার সকালে উপজেলার গোবিন্দগঞ্জ-দিনাজপুর আঞ্চলিক মহাসড়কের চারাবট গাছ নামক স্থানে এ ঘটনা ঘটে। ইজিবাইক চালক গোলাম হোসেন পার্শ্ববর্তী দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার সাহেবগঞ্জ চাম্পাতলী গ্রামের আমিরুল ইসলামের ছেলে।

গোবিন্দগঞ্জ থানায় করা অভিযোগ সূত্রে জানা যায়, ইজিবাইক চালক গোলাম হোসেন গত মঙ্গলবার সকালে বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার মহাস্থান হাটে তরমুজ কেনার জন্য স্থানীয় ব্যবসায়ী আজিজ মন্ডলকে (৫৮) নিয়ে ইজিবাইক নিয়ে রওয়ানা দেন। পথিমধ্যে গোবিন্দগঞ্জ উপজেলার গোবিন্দগঞ্জ-দিনাজপুর আঞ্চলিক মহাসড়কের চারাবটগাছ নামক স্থানে পৌঁছার পর বিপরীত দিক থেকে আসা একটি প্রাইভেট কার তাদের পথরোধ করে। এ সময় পুলিশের পোষাক পরিহিত পাঁচজন যুবক প্রাইভেট কার থেকে নেমে আসে। তারা গোলাম হোসেনকে ব্যাপক মারধর করে ইজিবাইকটি নিয়ন্ত্রনে নেয় এবং তরমুজ ব্যবসায়ী আব্দুল আজিজকেও মারধর করে কাছে থাকা নগদ ৭৫ হাজার টাকা ও একটি স্মার্ট ফোন ছিনিয়ে নেয়। পরে দুর্বৃত্তদের একজন ইজিবাইকটি চালিয়ে নিয়ে যায় এবং অপর চারজন ইজিবাইক চালককে প্রাইভেট কারে তুলে ঘোড়াঘাট উপজেলার রানীগঞ্জের কলাবাগান নামক স্থানে নিয়ে ফেলে দিয়ে পালিয়ে যায়। পরে সেখান থেকে ইজিবাইক চালক গোলাম হোসেনকে উদ্ধার করে স্বজনরা।

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোজাম্মেল হক বলেন অভিযোগ পেয়েছি। তদন্ত করে ব্যবস্থা গ্রহন করা হবে।

রাজু

×