ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ জুন ২০২৬, ১৭ আষাঢ় ১৪৩৩

বোয়ালখালীতে কৃষকের মুখে হাসি

শিশির ভেজা সবুজ প্রান্তরে সারি সারি সূর্যমুখী ফুল বসন্তে হলুদ স্বপ্ন

মুহাম্মদ মহিউদ্দিন, বোয়ালখালী, চট্টগ্রাম

প্রকাশিত: ২৩:২৯, ৩ মার্চ ২০২৬; আপডেট: ২৩:৫৩, ৩ মার্চ ২০২৬

শিশির ভেজা সবুজ প্রান্তরে সারি সারি সূর্যমুখী ফুল বসন্তে হলুদ স্বপ্ন

বোয়ালখালীর মাঠে সারি সারি সূর্যমুখী ফুল যেন একসঙ্গে তাকিয়ে আছে

সকালের সূর্য যখন ধীরে ধীরে পূর্বাকাশে উঠতে শুরু করে, তখন বোয়ালখালীর পূর্ব আমুচিয়া গ্রামের মাঠে শুরু হয় নীরব উৎসব। শিশির ভেজা সবুজ প্রান্তর। তার মাঝে সারি সারি সূর্যমুখী ফুল যেন একসঙ্গে মুখ তুলে তাকিয়ে আছে আলোর দিকে। বসন্তের মৃদু হাওয়ায় দুলতে দুলতে তারা যেন ঘোষণা দেয়Ñ এবারের গল্প শুধু সৌন্দর্যের নয়, সম্ভাবনারও।
এই হলুদের মাঝখানে দাঁড়িয়ে হাসিমুখে কথা বলছিলেন কৃষক মো. এস এম বাবর। জীবনে প্রথমবারের মতো এক একর জমিতে সূর্যমুখী চাষ করেছেন তিনি। আগে দূর থেকে সূর্যমুখীর খেত দেখে ভালো লাগলেও কখনো ভাবেননি নিজের জমিতেই এমন দৃশ্য দেখবেন!
বাবর বলেন, শুরুতে অনেকে বলেছিল, সূর্যমুখী তো শুধু দেখার জন্য। লাভ কই? কিন্তু কৃষি অফিসের পরামর্শে জানলাম, এর বীজ থেকে তেল হয়, আর বাজারেও ভালো দাম। তখন সাহস করে চাষ শুরু করি।
জমি প্রস্তুত, বীজ বপন, সেচ ও পরিচর্যা- সব মিলিয়ে প্রায় ১০ হাজার টাকা খরচ হয়েছে। তবে এখন মাঠের দিকে তাকালেই তার চোখে ভেসে ওঠে সম্ভাবনার ছবি। উপজেলা কৃষি অফিসের হিসাব অনুযায়ী, প্রতি ৪০ শতক জমি থেকে প্রায় পাঁচ মণ সূর্যমুখীর বীজ পাওয়া যায়। সে হিসেবে এক একর জমি থেকে প্রায় সাড়ে ১২ মণ বীজ মিলতে পারে। বর্তমান বাজার দরে সেই বীজ থেকে উৎপাদিত তেলের মূল্য প্রায় ৫০ হাজার টাকা পর্যন্ত হতে পারে। খরচ বাদ দিলে ভালো লাভের আশা করছেন বাবর।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. শাহানুর ইসলাম জানান, চলতি মৌসুমে সরকারি প্রণোদনার আওতায় দুই হেক্টর জমিতে বিনামূল্যে সূর্যমুখীর বীজ ও সার বিতরণ করা হয়েছে। তিনি বলেন, ভোজ্যতেলের আমদানি নির্ভরতা কমাতে সূর্যমুখী চাষ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। সঠিক পরিচর্যা করলে কৃষকরা ভালো ফলন ও লাভ পাবেন।
বিকেলে সূর্য যখন পশ্চিমে হেলে পড়ে, তখনো সূর্যমুখীগুলো যেন আলোকে অনুসরণ করে শেষ বিদায় জানাচ্ছে। এমন দৃশ্য দেখতে অনেক পথচারী থমকে দাঁড়ান। কেউ কেউ ছবি তোলেন, কেউ ভাবেনÑ নিজের জমিতেও কী এমন হলুদ স্বপ্ন ফুটতে পারে না?
বোয়ালখালীর এই হলুদ বসন্ত তাই শুধু প্রকৃতির রঙিন আয়োজন নয়; এটি একজন কৃষকের সাহস, শ্রম আর আশার গল্প। সূর্যের দিকে মুখ তুলে থাকা সূর্যমুখীর মতোই বাবরের চোখেও এখন ভবিষ্যতের উজ্জ্বল আলো।

প্যানেল হু

×