ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩

বরগুনার পাথরঘাটায় দুইটি জবাই করা হরিণ উদ্ধার, শিকারির এক বছর কারাদণ্ড

রিপোর্টার পাথরঘাটা বরগুনা

প্রকাশিত: ২২:১৩, ৩ মার্চ ২০২৬

বরগুনার পাথরঘাটায় দুইটি জবাই করা হরিণ উদ্ধার, শিকারির এক বছর কারাদণ্ড

বরগুনার পাথরঘাটা উপজেলায় ০৩/৩/২০২৬ তারিখ রাতে অভিযান চালিয়ে দুইটি জবাই করা হরিণ ও প্রায় ৯০০ ফুট শিকারের ফাঁদসহ মো. হানিফ (৪০) নামে এক শিকারিকে আটক করেছে যৌথ বাহিনী। পরে ভ্রাম্যমাণ আদালত তাকে এক বছর কারাদণ্ড ও ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন।

জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে গত রাতে পাথরঘাটা উপজেলার সদর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বাদুরতলা খাল সংলগ্ন এলাকায় যৌথ বাহিনী অভিযান পরিচালনা করে। অভিযানে হানিফের কাছ থেকে আনুমানিক চার মন ওজনের দুইটি জবাই করা হরিণ উদ্ধার করা হয়। এ সময় প্রায় ৯০০ ফুট দীর্ঘ হরিণ শিকারের ফাঁদের দড়িও জব্দ করা হয়।

অভিযান সংশ্লিষ্ট সূত্র জানায়, দীর্ঘদিন ধরে একটি চক্র সুন্দরবন সংলগ্ন বিভিন্ন এলাকায় ফাঁদ পেতে হরিণ শিকার করে আসছিল। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক হানিফ শিকার কার্যক্রমে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে জানা গেছে। তবে তার সঙ্গে আরও কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।
পরে তাকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইনের সংশ্লিষ্ট ধারায় এক বছর বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।

স্থানীয় প্রশাসন জানায়, উপকূলীয় বনাঞ্চল ও সুন্দরবন সংলগ্ন এলাকায় হরিণসহ বিভিন্ন বন্যপ্রাণী শিকার সম্পূর্ণ নিষিদ্ধ। সম্প্রতি অবৈধ শিকার প্রতিরোধে নজরদারি জোরদার করা হয়েছে। এ ধরনের অপরাধের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে বলেও তারা জানিয়েছেন। 

রাজু

×