ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ জুন ২০২৬, ১৭ আষাঢ় ১৪৩৩

ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির

ঢাকা কলেজ ছাত্রদল কেন্দ্রীয় সংসদের একটি গুরুত্বপূর্ণ ও সুশৃঙ্খল ইউনিট

প্রকাশিত: ২০:৫০, ৩ মার্চ ২০২৬

ঢাকা কলেজ ছাত্রদল কেন্দ্রীয় সংসদের একটি গুরুত্বপূর্ণ ও সুশৃঙ্খল ইউনিট

ঢাকা কলেজ ছাত্রদল কেন্দ্রীয় সংসদের একটি গুরুত্বপূর্ণ ও সুশৃঙ্খল ইউনিট বলে মন্তব্য করেছেন ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির। তিনি বলেন, সংগঠনের প্রতিটি কর্মীকে তারেক রহমান-এর ভিশন বাস্তবায়নে রাজপথে সক্রিয় থাকতে হবে। পাশাপাশি বিশৃঙ্খলা এড়িয়ে সুশৃঙ্খলভাবে আগামী দিনের বাংলাদেশ গঠনে কাজ করার নির্দেশ দেন তিনি।

মঙ্গলবার (৩ মার্চ) বিকেল ৫টার দিকে ঢাকা কলেজ অডিটোরিয়ামে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, দেশনেত্রী খালেদা জিয়া, মুক্তিযুদ্ধ ও জুলাই অভ্যুত্থানে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল-এর ঢাকা কলেজ শাখা। এতে ছাত্রদলের নেতাকর্মী ও সাধারণ শিক্ষার্থীরা অংশ নেন।

বক্তব্যে নাছিরউদ্দিন বলেন, গত রাতে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট-এ ছাত্রদলের নেতাকর্মীদের ওপর বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির-এর পক্ষ থেকে অনাকাঙ্ক্ষিত হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে তিনি জানান, দ্রুততম সময়ের মধ্যে মামলা দায়ের করা হবে এবং জড়িতদের আইনের আওতায় আনা হবে।

তিনি অভিযোগ করেন, হামলার পর ছাত্রশিবির বিভিন্ন গণমাধ্যমে মিথ্যা প্রোপাগান্ডা ছড়িয়ে ছাত্রদলের ওপর দোষ চাপানোর চেষ্টা করছে। একই সঙ্গে তিনি দাবি করেন, ৫ আগস্ট পরবর্তী পরিস্থিতিতে বাংলাদেশ ছাত্রলীগ রাজনীতিতে ফিরে আসার সুযোগ পেলে তা ডাকসুর তথাকথিত ভিপি ও জিএসের মাধ্যমেই সম্ভব হতে পারে। এ বিষয়ে নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সড়ক পরিবহন ও সেতু, রেল ও নৌমন্ত্রী শেখ রবিউল আলম এবং ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক এ কে এম ইলিয়াস। এছাড়া কেন্দ্রীয় সংসদের দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম, ঢাকা কলেজ ছাত্রদলের সভাপতি পিয়াল হাসান ও সাধারণ সম্পাদক মিল্লাত হোসেনসহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া পরিচালনা করা হয়। 

রাজু

×